আমাদের সমাজে একটি বহুল প্রচলিত বিশ্বাস রয়েছে যে, ধর্মই হলো মানব সমাজের নৈতিকতার মূল ভিত্তি। অনেকে মনে করেন ধর্ম না থাকলে সমাজে কোনো আইন, নিয়ম বা নীতিবোধ থাকত না। কিন্তু মানব সভ্যতার ইতিহাস, বিবর্তনীয় সমাজবিজ্ঞান এবং আধুনিক মনস্তাত্ত্বিক গবেষণা বিশ্লেষণ করলে দেখা যায়, ধর্ম নয়—বরং মানুষের টিকে থাকার তাগিদ, প্রাকৃতিক সহানুভূতির বোধ এবং সামাজিক যুক্তিবোধ থেকেই নৈতিকতার উৎপত্তি হয়েছিল।
১. আদিম সমাজ ও নৈতিকতার প্রথম পাঠ
ধরুন, এমন এক পৃথিবীর কথা যেখানে কোনো ধর্মের অস্তিত্ব বা ছোঁয়া লাগেনি। আদিম কিছু মানুষ নিজেদের অস্তিত্ব রক্ষা ও সুখে-শান্তিতে বসবাসের জন্য একত্র হয়ে সমাজ গঠন করল। সেখানে ‘X’ এবং ‘Y’ নামের দুজন মানুষের কথা চিন্তা করা যাক।
একদিন ‘X’ ব্যক্তি ‘Y’-এর একটি প্রয়োজনীয় জিনিস চুরি করল এবং তার কিছু ক্ষতি করল। তখনো সমাজে ভালো বা মন্দের কোনো লিখিত আইন বা ধর্মীয় হুকুম তৈরি হয়নি। কিন্তু পরবর্তীতে যখন ‘Y’-ও একইভাবে ‘X’-এর ক্ষতি করল, তখন ‘X’-এর মনে একটি অনুভূতির সৃষ্টি হলো। সে বুঝতে পারল, নিজের জিনিস হারিয়ে গেলে বা অধিকার হরণ হলে যেমন কষ্ট হয়, অন্যের সাথেও একই কাজ করলে তার খারাপ লাগে।
এই সহজ উপলব্ধি থেকেই জন্ম নিল নৈতিকতার সর্বজনীন গোল্ডেন রুল—”তুমি অন্যের কাছ থেকে নিজের জন্য যেমন আচরণ প্রত্যাশা করো, অন্যের সাথেও ঠিক তেমন আচরণ করো।” এই একটি মৌলিক যৌক্তিক উপলব্ধিই সমাজবদ্ধ মানুষকে প্রায় ৯০ শতাংশ নৈতিকতার সংজ্ঞা এনে দিয়েছিল।
২. পারস্পরিক সহযোগিতা ও সামাজিক ঐক্য
কেবল অন্যের ক্ষতি করা বন্ধ করাই নৈতিকতার শেষ কথা নয়; বিপদে একে অপরের পাশে দাঁড়ানো এবং সহযোগিতা করাই সামাজিক ঐক্যের মূল ভিত্তি।
প্রাচীন সমাজে যখন ‘Y’ নামক ব্যক্তি বিপদে পড়ে ‘X’-এর কাছে সাহায্য চাইত, আর ‘X’ সাহায্য করতে অস্বীকৃতি জানাত—পরবর্তীতে ‘X’ নিজেও একই ধরনের বিপদে পড়ে বুঝতে পারত যে একা বেঁচে থাকা অসম্ভব। মানুষ খুব দ্রুত উপলব্ধি করল যে সুখে-শান্তিতে বসবাস করতে হলে, বহির্শত্রুর আক্রমণ থেকে বাঁচতে হলে এবং জীবনযাত্রাকে সহজ করতে হলে পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।
এভাবে মানুষ নিজেদের প্রয়োজন থেকেই দয়া-মায়া, সাহায্য করার মানসিকতা এবং ঐক্যবদ্ধ থাকার সামাজিক নিয়মাবলী তৈরি করেছিল। এর জন্য কোনো ঐশ্বরিক আদেশের প্রয়োজন পড়েনি।
৩. বিজ্ঞানের দৃষ্টিতে মানুষের জন্মগত নৈতিকতা ও বিবর্তন
নৈতিকতা যে কোনো ধর্মীয় আসমানি কিতাবের মুখাপেক্ষী নয়, তার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় আধুনিক মনস্তাত্ত্বিক ও বিবর্তনীয় গবেষণায়।
৩.১ শিশুদের প্রাকৃতিক সহানুভূতি
ইয়েল ইউনিভার্সিটির বিখ্যাত ‘বেবি ল্যাব’ (Baby Lab)-এর গবেষণায় দেখা গেছে, কোনো ধর্মীয় শিক্ষা বা এমনকি ভাষার জ্ঞান অর্জনের আগেই ছয় থেকে আট মাস বয়সী শিশুদের মধ্যে ভালো ও খারাপ আচরণের পার্থক্য অনুধাবন করার জন্মগত ক্ষমতা থাকে। তারা সাহায্যকারী চরিত্রগুলোর প্রতি আকর্ষণ বোধ করে এবং অপকারী চরিত্রের প্রতি অনিচ্ছা প্রকাশ করে। এটি প্রমাণ করে যে, মানবিক মূল্যবোধ ও নৈতিকতার প্রাক-প্রস্তুতি মানুষের মগজে প্রাকৃতিকভাবেই প্রোগ্রাম করা।
৩.২ বিবর্তনীয় সমাজবিজ্ঞান ও প্রজাতি টিকে থাকার তাগিদ
মানুষ মূলত একটি দলবদ্ধ ও সামাজিক প্রাণী। বিবর্তনের ধারায় নিজের জিন ও পুরো গোত্রকে বাঁচিয়ে রাখতে মানুষ ‘পরোপকার’ এবং ‘সহযোগিতা’ শেখে। বিজ্ঞান যাকে বলে ‘কিন সিলেকশন’ (Kin Selection) বা পারস্পরিক সহানুভূতি। আদিমকালে যে দলগুলো নিজেদের মধ্যে মারামারি ও চুরি না করে সহযোগিতা করত, তারাই প্রাকৃতিকভাবে টিকে থাকতে পেরেছে। অর্থাৎ, বেঁচে থাকার স্বার্থেই মানুষ নৈতিকতা বরণ করে নিয়েছে।
৪. ধর্মের আগেই সামাজিক আইন ও গেম থিওরি
ইতিহাস প্রমাণ করে, আধুনিক সংগঠিত ধর্মগুলো আসার বহু আগেই মানুষ নিজেদের প্রয়োজনে সামাজিক ও নাগরিক আইন তৈরি করেছিল।
৪.১ মেসোপটেমিয়ার হামুরাবির আইন
ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, প্রধান আব্রাহামিক ধর্মগুলোর আবির্ভাবের বহু পূর্বে প্রাচীন মেসোপটেমিয়ায় ‘হামুরাবির আইন’ (Code of Hammurabi) প্রবর্তিত হয়েছিল। সেই আইনের মূল উদ্দেশ্য ছিল চোর, হত্যাকারী ও প্রতারকদের শাস্তি দিয়ে সমাজে ভারসাম্য রক্ষা করা। এটি সম্পূর্ণ একটি নাগরিক ও রাজকীয় সামাজিক চুক্তি ছিল, যার পেছনে কোনো ধর্মীয় নৈতিকতার প্রয়োজন পড়েনি।
৪.২ গেম থিওরি ও যৌক্তিক বাধ্যবাধকতা
যুক্তিবিদ্যার ‘গেম থিওরি’ (Game Theory) অনুযায়ী, একটি সমাজবদ্ধ গোষ্ঠীতে সবাই যদি সবার অধিকার হরণ বা ক্ষতি করতে শুরু করে, তবে চূড়ান্ত পর্যায়ে পুরো সমাজ ধ্বংস হয়ে যায়। ফলে নিজেদের সুখে-শান্তিতে রাখার জন্য ‘ন্যায্যতা’ ও ‘বিশ্বাস’ বজায় রাখাটাই হয়ে ওঠে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মানুষ এই যৌক্তিক হিসাব থেকেই একে অপরকে সাহায্য করার নীতি গ্রহণ করেছিল।
৫. সময়ের সাথে নৈতিকতার সামাজিক বিকাশ ও ভুল সংশোধন
অনেকে মনে করেন সময়ের সাথে নৈতিকতা বদলে যায়, কিন্তু মূল বিষয়টি হলো—যৌক্তিক নৈতিকতার মূল ভিত্তি (যেমন: কারও ক্ষতি বা অধিকার হরণ না করা) সব যুগে একই থাকে। পরিবর্তিত হয় মানুষের জ্ঞান, অভিজ্ঞতা ও সচেতনতার পরিধি। অতীতে বিজ্ঞানের অপ্রতুলতা বা অজ্ঞতার কারণে মানুষ অনেক অনৈতিক বিষয়কেও স্বাভাবিক মনে করার ভুল করেছে। কিন্তু পরবর্তীতে মানুষ যখন নিজেদের ভুল এবং অন্যের কষ্ট উপলব্ধি করতে পেরেছে, তখন রাষ্ট্রনেতা, সমাজ সংস্কারক ও সাধারণ মানুষ সম্মিলিতভাবে সেই ভুল শুধরে নিয়ে নতুন আইন ও সামাজিক নীতি প্রণয়ন করেছে।
চিরন্তন যৌক্তিক নৈতিকতা: চুরি-ডাকাতির মধ্যমে অন্যের ক্ষতি করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা বা অধিকার হরণ করা—এগুলো কোনো কাল্পনিক নিয়ম নয়। সুস্থ যুক্তির বিচারে এগুলো সব যুগে, সব সমাজে পরম ক্ষতিকর এবং অন্যায্য হিসেবেই বিবেচিত।
অভিজ্ঞতা ও সচেতনতাভিত্তিক সংশোধন: যুগে যুগে মানুষ নিজের ভুল থেকে শিখে নৈতিক সিদ্ধান্তকে আরও নিখুঁত করেছে। যেমন—একসময় বিভিন্ন সভ্যতায় দাসপ্রথা সামাজিকভাবে স্বাভাবিক ও স্বীকৃত ছিলো, এমনকি ধর্মও এর বৈধতা দিয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন মানুষ বুঝতে পারল দাসপ্রথা একটি মানুষের স্বাধীনভাবে বাঁচার মৌলিক অধিকার কেড়ে নেয় এবং চরম শারীরিক ও মানসিক কষ্ট দেয়, তখন মানুষ নিজেদের সেই ভুল অনুধাবন করে তা বিশ্বব্যাপী নিষিদ্ধ করে, যদিও বহুধর্মে দাসপ্রথা এখনও বৈধ।
একইভাবে পরিবেশ রক্ষা, প্রাণী অধিকার রক্ষা কিংবা নারীদের ভোটাধিকারের মতো বিষয়গুলো মানুষের যুক্তিবোধ ও বিজ্ঞানের উন্নতির সাথে সাথে নতুনভাবে সংজ্ঞায়িত ও গৃহীত হয়েছে। অর্থাৎ, নৈতিকতা কেবল স্থবির কোনো আদেশ নয়, বরং এটি ভুল থেকে শিখে সত্য ও ন্যায়কে গ্রহণ করার একটি সুসংগঠিত মানবিক প্রক্রিয়া।
৬. ধর্ম এবং নৈতিকতার মধ্যকার দ্বন্দ্ব
৬.১ যৌক্তিক অনৈতিকতা বনাম ধর্মীয় নৈতিকতা
বাস্তবতা, আধুনিক যুক্তিবোধ এবং বিজ্ঞানভিত্তিক প্রমাণের কষ্টিপাথরে যা স্পষ্ট অনৈতিক, ক্ষতিকর ও অমানবিক, ধর্ম অনেক সময় কেবল “ঐশ্বরিক নির্দেশ” অজুহাতে সেটাকেই পরম পুণ্য বা নৈতিক কাজ হিসেবে চালিয়ে দেয়।
যেমন—শিশুবিয়ে, নিকটাত্মীয়ের মধ্যে বিয়ে / ইনসেস্ট, ধর্মত্যাগের কারণে মৃত্যুদণ্ড, দাসপ্রথা, যুদ্ধবন্দিনী ধর্ষণ, বৈবাহিক ধর্ষণ (Marital Rape), বহুবিবাহ, লিঙ্গবৈষম্য, মাসিক ট্যাবু বা ঋতুস্রাবকালীন নারীকে অপবিত্র মনে করা, নারীদের শিক্ষা ও উচ্চশিক্ষায় বাধা প্রদান, সম্পত্তিতে অসম বণ্টন, স্বধর্মের মানুষের প্রতি অন্ধ পক্ষপাতিত্ব, ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি ঘৃণা, ধর্মীয় দাঙ্গা, ধর্মযুদ্ধ, বিশেষ কিছু প্রাণীর প্রতি বিদ্বেষ ও হত্যার নির্দেশ, বিশেষ বৃক্ষের প্রতি বিদ্বেষ, অপচিকিৎসা, চিকিৎসার স্বার্থে অঙ্গদান ও ময়নাতদন্তে নিষেধাজ্ঞা ইত্যাদি।
এই স্পষ্ট বৈপরীত্যগুলো প্রমাণ করে যে, যুক্তিনির্ভর নৈতিকতা মানুষের বাস্তব কল্যাণ ও ক্ষতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ধর্মীয় নৈতিকতা প্রায়শই অন্ধ আনুগত্যের ওপর নির্ভর করে আধুনিক দৃষ্টিতে চরম অনৈতিক ও অপরাধমূলক কাজকেও পবিত্রতা দান করে।
৬.২ পাপমোচনের অগণিত সুযোগ ও অপরাধের স্বাভাবিকীকরণ
প্রচলিত ধর্মগুলোতে বিশেষ প্রার্থনা এবং তীর্থযাত্রার মাধ্যমে পাপমোচনের অনায়াস ও অগণিত সুযোগ রাখা হয়। ধর্মীয় এই কাঠামোর কারণে একজন মানুষ যত বড় অপরাধই করুক না কেন, তার মনে এই ধারণা দৃঢ়ভাবে গেঁথে যায় যে নির্দিষ্ট প্রার্থনা (তওবা) বা ধর্মীয় আচার ( হজ্বে কালো পাথরে চুম্বন বা গঙ্গাস্নান) পালন করলেই সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। পাপ ধুয়ে-মুছে ফেলে একদম নিষ্পাপ হয়ে যাওয়ার এই সহজ পথ অন্যায়কে মানসিকভাবে অত্যন্ত স্বাভাবিক বা নরমালাইজ করে তোলে, যা মানুষকে বারবার অপরাধে লিপ্ত হতে উৎসাহিত করে।
৬.৩ স্পেশাল গ্র্যান্ডিওসিটি ও অপরাধবোধহীন মানসিকতা
স্পেশাল গ্র্যান্ডিওসিটি বা ‘বিশেষ শ্রেষ্ঠত্বের অহংবোধ’ হলো একটি জটিল মনস্তাত্ত্বিক অবস্থা, যেখানে একজন ব্যক্তি নিজের ভেতরে এক ধরনের অতিমানবিক গুরুত্ব অনুভব করে। সহজ কথায়, এটি এমন এক অন্ধ আত্মবিশ্বাস, যার ফলে কোনো মানুষ বিশ্বাস করতে শুরু করে যে সে সাধারণ ১০ জন মানুষের মতো নয়, বরং পরম ইশ্বরের অত্যন্ত বিশ্বস্ত, প্রিয় একজন ব্যক্তি।
এই স্পেশাল গ্র্যান্ডিওসিটির কারণেই ধর্মপরায়ণ মানুষ বা ধর্মীয় নেতারা জঘন্যতম অপরাধ, দুর্নীতি কিংবা হিংস্রতা ছড়ানোর পরও বিন্দুমাত্র অনুশোচনা বা অপরাধবোধে ভোগেন না। তাদের মনের ভেতরে সার্বক্ষণিক এই হিসাব কাজ করে যে—যেহেতু তারা ঈশ্বরের বাণী প্রচার করছেন বা ধর্মের জন্য কাজ করছেন, তাই বড় কোন পাপ করলেও পরম দয়ালু ইশ্বর তাদের বিশেষ বিবেচনায় ক্ষমা করে দেবেন।
এমন এক চরম মানসিক বিভ্রম তাদের নিজেদের কৃতকর্মের কাঠগড়ায় দাঁড়াতে দেয় না এবং চরম অন্যায় বা নৃশংসতা ঘটিয়েও নিজেদের সম্পূর্ণ পবিত্র ও নির্দোষ মনে করার অদ্ভুত সুযোগ করে দেয়।
৬.৪ শয়তানের কাঁধে দায় চাপানো ও নিজেকেই ভিক্টিম মনে করা
যেকোনো জঘন্য অপকর্ম, যৌন নিপীড়ন বা বলাৎকারের মতো অপরাধে হাতেনাতে ধরা পড়ার পরও অনেক ধর্মীয় গুরু বা অনুসারীদের মাঝে প্রকৃত অনুশোচনা বা অনুতাপ দেখা যায় না। তারা অত্যন্ত সহজভাবে সমস্ত অন্যায়ের দায় শয়তানের প্ররোচনার ওপর চাপিয়ে দিয়ে নিজেদের নির্দোষ দাবি করে।
তাদের বিশ্বাস অনুযায়ী, এই অপরাধটি তারা স্বেচ্ছায় করেনি, বরং শয়তান তাদের প্ররোচিত করে এটি ঘটিয়েছে। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে, বাইরের কোনো শক্তির ওপর অপরাধের দায় চাপিয়ে দেওয়ার এই মেকানিজম তাদের বিবেককে সম্পূর্ণ অবশ করে দেয়। এর ফলে চরম ঘৃণ্য অপকর্মের পরও তাদের মনে কোনো প্রকৃত অপরাধবোধ তৈরি হয় না। মূলত শয়তানকে মূল অপরাধী বানিয়ে তারা এক ধরনের ছদ্ম দায়মুক্তি লাভ করে এবং নিজেদের অপরাধী না ভেবে উল্টো শয়তানের চক্রান্তের শিকার বা ভিক্টিম মনে করে।
৭. শাস্তির ভয় বনাম নিজস্ব মানবিক বিবেক
ধর্মীয় নৈতিকতা প্রায়শই স্বর্গের লোভ বা নরকের শাস্তির ভয়ের ওপর প্রতিষ্ঠিত। অর্থাৎ, বাহ্যিক কোনো শক্তি বা শাস্তির ভয় না থাকলে সেই নৈতিকতা নড়বড়ে হয়ে পড়ে। অন্যদিকে, ধর্মহীন বা যুক্তিনির্ভর নৈতিকতা গড়ে ওঠে মানুষের নিজস্ব ‘বিবেক’ এবং ‘মানবিক সমবেদনা’ থেকে—যেখানে কোনো পুরস্কারের আশা বা শাস্তির ভয় ছাড়া কেবল অন্য মানুষের কষ্টের কথা ভেবে অন্যায় থেকে বিরত থাকা হয়।
বিশ্বজুড়ে সামাজিক ও মানবাধিকার সূচক (যেমন- Human Development Index) পর্যালোচনা করলে দেখা যায়, বিশ্বের যেসব দেশ যত বেশি ধর্মনিরপেক্ষ বা কম ধর্মপ্রাণ (যেমন: ডেনমার্ক, সুইডেন, নরওয়ে), সেসব দেশে অপরাধের হার সবচেয়ে কম এবং সামাজিক সুরক্ষা ও নৈতিকতার মান সবচেয়ে উঁচুতে।
সংক্ষেপে বলতে গেলে, নৈতিকতা কোনো ঐশ্বরিক উপদান নয়; এটি মানবজাতির হাজার বছরের বিবর্তন, টিকে থাকার সংগ্রাম এবং সুস্থ যুক্তিবোধের এক অনন্য ফসল। ধর্ম ছাড়াও মানুষের পক্ষে একজন খাঁটি মানবিক ও নৈতিক সত্তা হওয়া কেবল সম্ভবই নয়, বরং সেটাই ঐতিহাসিক বাস্তব।
তথ্যসূত্র ও প্রাসঙ্গিক গবেষণা
মানব সমাজে নৈতিকতার বিবর্তন ও ‘গোল্ডেন রুল’
Axelrod, R. (1984). The Evolution of Cooperation. Basic Books. (কোনো ধর্মীয় আদেশ ছাড়া কেবল পারস্পরিক টিকে থাকার প্রয়োজনে মানুষের মধ্যে সহযোগিতার নৈতিকতা গড়ে ওঠার গেম থিওরিভিত্তিক ব্যাখ্যা)।
শিশুদের জন্মগত সহানুভূতি ও প্রাকৃতিক নৈতিকতা
Bloom, P. (2013). Just Babies: The Origins of Good and Evil. Crown Publishing Group / Yale Baby Lab Studies. (ইয়েল ইউনিভার্সিটির বেবি ল্যাবের গবেষণা, যেখানে দেখা গেছে কোনো ধর্মীয় শিক্ষার আগেই শিশুদের মধ্যে মৌলিক নৈতিকতা ও সহানুভূতির প্রাক-প্রস্তুতি থাকে)।
প্রাক-ধর্মীয় সামাজিক আইন ও প্রথা
Roth, M. T. (1995). Law Collections from Mesopotamia and Asia Minor. Scholars Press. (আব্রাহামিক ধর্মগুলোর বহু আগেই মেসোপটেমিয়ার ‘হামুরাবির আইন’-এর মতো নাগরিক ও সামাজিক আইন তৈরির ঐতিহাসিক বিবরণ)।
ধর্মহীন সমাজ ও নিম্ন অপরাধ হার সংক্রান্ত গবেষণা
Zuckerman, P. (2008). Society Without God: What Least Religious Nations Can Tell Us About Contentment. NYU Press. (ডেনমার্ক ও সুইডেনের মতো ধর্মনিরপেক্ষ দেশের উচ্চ নৈতিকতা ও নিম্ন অপরাধ হারের সামাজিক সমীক্ষা)। Paul, G. (2005). Cross-National Correlations of Quantifiable Sociological Indicators of Prosperity with Religiosity. Journal of Religion & Society. (উন্নত ও কম ধর্মপ্রাণ দেশগুলোতে অপরাধ ও সামাজিক অস্থিতিশীলতার হার কম হওয়ার পরিসংখ্যানিক প্রমান)।
ধর্মীয় আদেশ বনাম স্বাধীন নৈতিকতার দার্শনিক দ্বন্দ্ব
Plato. Euthyphro Dilemma. (কোনো কাজ ঈশ্বর আদেশ দিয়েছেন বলেই কি নৈতিক, নাকি স্বয়ংসম্পূর্ণভাবে ভালো বলেই ঈশ্বর আদেশ দিয়েছেন—এই ক্লাসিক দার্শনিক প্রশ্নের বিশ্লেষণ)।
আন্তর্জাতিক সামাজিক ও শান্তি সূচক
Global Peace Index (GPI) & Human Development Index (HDI). United Nations Development Programme (UNDP) & Institute for Economics and Peace. (যেখানে উচ্চ মানব উন্নয়ন ও নিরাপত্তায় শীর্ষে থাকা দেশগুলো মূলত ধর্মনিরপেক্ষ)।





