মানুষ সাধারণত তার নিজের রূপ, অনুভূতি, কল্পনা এবং সীমাবদ্ধতা দিয়েই সবকিছুকে ব্যাখ্যা করতে চায়। এই বিশেষ মনস্তাত্ত্বিক প্রবণতাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যানথ্রোপোমরফিজম (Anthropomorphism) বা মানব রূপারোপবাদ। সহজ ভাষায়, মানবীয় আবেগ, আকৃতি বা চরিত্রকে কোনো অ-মানবীয় বস্তু বা পরম সত্তার ওপর জোর করে চাপিয়ে দেওয়ার প্রক্রিয়াই হলো অ্যানথ্রোপোমরফিজম। কার্টুনে পশুপাখির কথা বলা যেমন অ্যানথ্রোপোমরফিজম, ঠিক তেমনি ধর্মীয় সৃষ্টিতত্ত্ব ও ঈশ্বর ভাবনায় মানবীয় গুণাবলী আরোপ করা এর সবচেয়ে বড় উদাহরণ। ধার্মিকরা ঈশ্বরকে পরম ও অসীম দাবি করলেও অজান্তেই তাঁর ওপর সংকেীর্ণ মানবীয় মনস্তত্ত্ব চাপিয়ে দেন, যা সরাসরি স্ববিরোধী।
১. আবেগীয় বৈপরীত্য: রাগ, ক্ষোভ ও সুখানুভূতির অসারতা
রাগ, ক্ষোভ বা খুশি হওয়াটা মানুষের সীমাবদ্ধতার ফলাফল। মানুষের রাগ বা খুশি হওয়ার পেছনে স্পষ্ট শারীরবৃত্তীয় ও মানসিক সীমাবদ্ধতা কাজ করে। কারণ, মানুষের ইচ্ছা অনুযায়ী সবকিছু ঘটে না, কিংবা মানুষ ভবিষ্যৎ নিশ্চিতভাবে জানে না বলেই নিজের প্রত্যাশা ও প্রাপ্তির অমিল হলে রাগ করে এবং মিল হলে খুশি হয়।
রাগ-ক্ষোভ বনাম স্রষ্টা:
রাগ হলো মূলত এক প্রকার অক্ষমতার প্রকাশ। কোনো অসীম সত্তা, যার ইচ্ছা ও একক নিয়ন্ত্রণে বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি অণু-পরমাণু পরিচালিত হচ্ছে, তাঁর কারও ওপর ‘রাগ’ বা ‘ক্ষোভ’ প্রকাশ করাটাই অযৌক্তিক। কারণ তাঁর অগোচরে, অজ্ঞতায় বা ইচ্ছার বিরুদ্ধে কিছু ঘটাই চরম অসম্ভব।
খুশি-সন্তুষ্টি বনাম স্রষ্টা:
মানুষ কোনো নতুন বা অপ্রত্যাশিত ভালো ফল পেলে কিংবা নিজের মনের মতো কোনো ঘটনা ঘটলে খুশি হয়। কারণ মানুষ আগে থেকে নিশ্চিতভাবে জানত না ঘটনাটি ঘটবে কি না। কিন্তু যিনি ভূত, বর্তমান ও ভবিষ্যৎ একযোগে নিশ্চিতভাবে জানেন এবং যাঁর ইচ্ছার বাইরে একটি পাতাও নড়ে না, তাঁর নতুন করে আনন্দিত বা ‘খুশি’ হওয়ার কোনো সুযোগ নেই। যে ফলাফল আগে থেকেই শতভাগ জানা ও নির্ধারিত, সেখানে অলৌকিকভাবে নতুন করে প্রফুল্লতা বা সন্তুষ্টি অনুভব করার এই মানসিকতা পরম সত্তার ক্ষেত্রে সম্পূর্ণ অযৌক্তিক।
২. প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা এবং হিংসে বা নিরাপত্তাহীনতার মানসিকতা
মানুষ নিজের মানসিক দুর্বলতা বা সীমাবদ্ধতার কারণে অন্যের তোষামোদ শুনতে ভালোবাসে। আবার নিজের প্রতিদ্বন্দ্বীর উপস্থিতি দেখলে মনে হিংসে বা নিরাপত্তাহীনতা অনুভব করে। ধর্মীয় গ্রন্থগুলোতে পরম স্রষ্টাকে প্রায়ই একজন ‘হিংসেপরায়ণ বা ঈর্ষান্বিত ঈশ্বর’ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মানবীয় দুর্বলতার প্রতিচ্ছবি।
তোষামোদ বা প্রশংসার আকাঙ্ক্ষা:
কোনো সত্তার প্রশংসার আকাঙ্ক্ষা থাকা মানেই হলো তার মধ্যে একটি মানসিক অভাব, অপূর্ণতা বা ইগোর উপস্থিতি থাকা। মানুষ যখন ভেতরে আত্মবিশ্বাসের ঘাটতি অনুভব করে, একা বোধ করে কিংবা নিজের শ্রেষ্ঠত্ব অন্যদের দিয়ে প্রমান করাতে চায়, তখনই সে তোষামোদ শুনতে আকুল হয়। কিন্তু পরম স্রষ্টাকে সংজ্ঞায়িতই করা হয় ‘স্বয়ংসম্পূর্ণ’ (Self-sufficient) এবং ‘সকল প্রকার প্রয়োজন ও মুখাপেক্ষিতা থেকে মুক্ত’ হিসেবে। যাঁর নিজের অস্তিত্বে কোনো অপূর্ণতা নেই, যাঁর শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য অন্য কোনো সৃষ্টির অনুমোদনের প্রয়োজন পড়ে না, তাঁর চব্বিশ ঘণ্টা কোটি কোটি মানুষের মুখে নিজের বন্দনা বা প্রশংসাসূচক জিকির-প্রার্থনা শোনার কোনো মনস্তাত্ত্বিক ক্ষুধা থাকতে পারে না।
এখানে কোনো কোনো ধর্মীয় ব্যাখ্যাকারী দাবি করতে পারেন যে, “মানুষের প্রশংসা বা উপাসনায় ঈশ্বরের নিজের কোনো লাভ নেই, বরং মানুষই উপাসনা করে নিজের ভালোর জন্য।” কিন্তু ধর্মগ্রন্থগুলোর নির্দেশনার দিকে তাকালে এই যুক্তি টিকে না। কারণ সেখানে উপাসনা না করলে চরম শাস্তির হুমকি দেওয়া হয়েছে। যদি উপাসনা কেবলই মানুষের উপকারের জন্য হতো, তবে তা না করলে পরম সত্তার রাগান্বিত হওয়া বা অনন্তকাল আগুনে পোড়ানোর মতো হিংস্র প্রতিক্রিয়া দেখানোর কোনো যৌক্তিক কারণ থাকত না।
উপরন্তু, সাধারণ মানুষের ক্ষেত্রেই দেখা যায় যে মানুষ যত উন্নত মানসিকতার, সে প্রশংসা নিয়ে তত কম বিচলিত হয় এবং অতি প্রশংসায় বিরক্তবোধ করে; অন্যদিকে যে মানুষ যত অসভ্য এবং অনুন্নত মানসিকতার, সে প্রশংসা পেতে ততই ব্যাকুল।
সেখানে কোনো অসীম পরম সত্তার পক্ষে প্রশংসা চাওয়াী ধারণাটি একেবারেই অযৌক্তিক।
হিংসে ও প্রতিদ্বন্দ্বিতার অসারতা:
হিংসে বা ক্ষোভ তখনই তৈরি হয় যখন নিজের ক্ষমতার সমকক্ষ কোনো প্রতিদ্বন্দ্বীর ভয় থাকে। মানব ইতিহাসে রাজারা অন্য রাজার ক্ষমতা দেখে হিংসে করত বা সিংহাসন হারানোর ভয়ে থাকত। কিন্তু যাঁর কোনো সমকক্ষ নেই, যাঁর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ বিশ্বব্রহ্মাণ্ডে অস্তিত্বশীলই নয়, তিনি কেন অন্য কোনো কাল্পনিক উপাস্যের ওপর ক্রুদ্ধ বা হিংসেপরায়ণ হবেন? অন্য কাউকে পুজো করলে তিনি যে সাজা দেওয়ার হুমকি দেন, তা মূলত নিজের আধিপত্য হারানোর ভয়ে থাকা একজন দুর্বল মানুষের মানসিকতার সরাসরি অনুলিপি।
৩. প্রতিশোধ নেওয়ার আকাঙ্ক্ষা এবং মানসিক আক্রোশ
মানুষের প্রতিশোধ পরায়ণতার পেছনে কাজ করে তার ভেতরের জমে থাকা ক্ষোভ, আঘাত বা অপরকে শাস্তি দিয়ে আত্মতৃপ্তি পাওয়ার এক ধরণের হিংস্র প্রবৃত্তি। ধর্মীয় গ্রন্থগুলোতে দেখা যায়, ঈশ্বর মানুষকে কেবল সাজাই দেন না, বরং চরম প্রতিশোধমূলক মনোভাব প্রকাশ করেন (যেমন: অনন্তকাল ধরে আগুনে জ্বালানো, চামড়া পুড়িয়ে আবার নতুন চামড়া গজানো যাতে সে বেশি কষ্ট পায়)।
অক্ষমতার পরোক্ষ শিকার:
মানুষ সরাসরি কাউকে তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করতে না পারলে মনে মনে প্রতিশোধের পরিকল্পনা করে। কিন্তু যিনি সর্বশক্তিমান, তাঁর কোনো সৃষ্টির ওপর ‘প্রতিশোধ’ নেওয়ার ইচ্ছা তৈরি হওয়া একটি চরম বৈপরীত্য। কারণ সৃষ্টি যদি কোনো ভুল করেই থাকে, তবে তা সৃষ্টিকর্তার নিজের তৈরি নিয়মের কারণেই ঘটেছে। নিজের তৈরি সৃষ্টির ওপর আক্রোশ মেটানো কোনো অসীম সত্তার লক্ষণ হতে পারে না।
শিক্ষামূলক সংশোধন বনাম হিংস্র প্রতিশোধ:
কোনো প্রজ্ঞাবান ও দয়ালু সত্তার উদ্দেশ্য হওয়া উচিত সংশোধন করা বা শিক্ষা দেওয়া। কিন্তু নরকের বিভৎস ও চিরন্তন শাস্তির যে বর্ণনা ধর্মগুলোতে পাওয়া যায়, তা কোনো শিক্ষামূলক প্রক্রিয়া নয়; তা নিখাদ প্রতিশোধ। কাউকে অনন্তকাল ধরে শারীরিক যন্ত্রণা দিয়ে কষ্ট উপভোগ করার এই বিকৃত মানসিকতা মূলত প্রাচীন যুগের ক্ষমতান্ধ রাজারা যেভাবে প্রতিপক্ষকে নির্যাতন করত, তারই একটি বিভৎস রূপ।
৪. ভুল অনুশোচনা, আফসোস ও সিদ্ধান্ত পরিবর্তনের অসংগতি
মানুষের জ্ঞান ও দূরদর্শিতার সীমা রয়েছে। মানুষ অতীত ও বর্তমানের তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়, কিন্তু ভবিষ্যৎ সম্পূর্ণ নিশ্চিতভাবে জানে না। ফলে নিজের সিদ্ধান্তের পরিণাম যখন প্রতিকূল হয়, তখন মানুষ অনুশোচনা বা আফসোস করে এবং পরিস্থিতি সামাল দিতে পূর্বের সিদ্ধান্ত বদলে ফেলে। এটি মানুষের একটি অপরিহার্য মানস-সীমাবদ্ধতা।
ধর্মীয় উপকথাগুলোতে অহরহ দেখা যায় পরম সত্তা কোনো জাতি সৃষ্টি করে পরবর্তীতে তাদের অপরাধ দেখে অনুতপ্ত হন, অনুশোচনা করে মহাপ্লাবন বা মহামারী দিয়ে সব ধ্বংস করে দেন, কিংবা মানুষের আকুতি ও প্রার্থনায় সাড়া দিয়ে নিজের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত বদলে ফেলেন।
সর্বজ্ঞতার সাথে অনুশোচনার সরাসরি সংঘাত:
যিনি ‘সর্বজ্ঞ’ (Omniscient), অর্থাৎ সময় ও কালের ঊর্ধ্বে অবস্থান করে অনাগত ভবিষ্যতের প্রতিটি মুহূর্ত যাঁর কাছে আগে থেকেই স্পষ্ট, তাঁর পক্ষে কোনো সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে আফসোস করা বা অনুতপ্ত হওয়া চূড়ান্ত লজিক্যাল ফ্যালাসি। যদি তিনি আগে থেকেই জানতেন যে মানুষের পরিণতি এমন হবে, তবে সেই সিদ্ধান্ত নিয়ে পরে অনুশোচনা করা মানে তাঁর নিজের সর্বজ্ঞতাকেই অস্বীকার করা।
সিদ্ধান্ত পরিবর্তনের নিখুঁত ব্যবচ্ছেদ:
ধর্মীয় ব্যাখ্যাকারীরা হয়তো যুক্তি দেবেন, “মানুষের দোয়ায় সাড়া দিয়ে সিদ্ধান্ত বদলানোটা ঈশ্বরের দয়া বা নমনীয়তা।” কিন্তু দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে এটি একটি স্পষ্ট ফাঁক। কোনো সিদ্ধান্ত পরিবর্তন করার অর্থ কেবল দুটিই হতে পারে: হয় আগের সিদ্ধান্তটিতে কোনো ভুল বা অপরিপক্কতা ছিল যা পরে শুধরে নেওয়া হয়েছে, আর না হয় আগের সিদ্ধান্তটি সেরা ছিল না বলেই নতুন সিদ্ধান্ত নিতে হয়েছে। কিন্তু একটি নিখুঁত ও পরম সত্তার ক্ষেত্রে প্রথম সিদ্ধান্তটিই শতভাগ নিখুঁত হতে বাধ্য।
যিনি প্রতিটি ঘটনার শেষ পরিণতি আগেই নিশ্চিতভাবে জানেন, তাঁর নতুন করে অনুতপ্ত হওয়ার বা পরিস্থিতি দেখে অবস্থান বদলানোর কোনো সুযোগ নেই। এই ধরণের আচরণ প্রমাণ করে যে কাহিনীর চরিত্রটি কোনো সর্বজ্ঞ সত্তার নয়, বরং একজন আবেগপ্রবণ ও অদূরদর্শী মানব শাসকের মানস-অনুলিপি।
৫. বার্তাবাহক-মাধ্যমের প্রয়োজনীয়তা
প্রাচীনকালের রাজা-বাদশাদের শারীরিক ও ক্ষমতার সীমা ছিল। একজন রাজাসু্দ্ধ একাকী সাম্রাজ্যের কোটি কোটি প্রজার ওপর নজর রাখতে পারতেন না কিংবা একই সাথে সব প্রশাসনিক কাজ সম্পাদন করতে পারতেন না। তাই সাম্রাজ্য চালানোর জন্য রাজাকে মন্ত্রী, অনুচর, পাইক-পেয়াদা এবং বার্তাবাহকের ওপর নির্ভর করতে হতো। বিভিন্ন ধর্মে ঠিক এই রাজকীয় আমলাতন্ত্রকেই ঈশ্বরের ক্ষমতার ওপর আরোপ করা হয়েছে। যেমন বহুশ্বেরবাদে প্রধান দেবতার অধীনে সহকারী দেব-দেবী থাকা, কিংবা ইসলাম বা একেশ্বরবাদী ধর্মগুলোতেও পরম সত্তার অধীনে ফেরেশতাদের নানা ‘মন্ত্রণালয়ের’ দায়িত্ব ভাগ করে দেওয়া।
সাহায্যকারী ও হেল্পিং হ্যান্ডের অযৌক্তিকতা:
ইসলামিক বিবরণ অনুযায়ী জিব্রাইল বার্তা বহন করেন, আজরাইল জান কবজ করেন, মিকাইল বৃষ্টি ও খাদ্যের বণ্টন সামলান, আর ইসরাফিল শিঙায় ফুঁ দেওয়ার অপেক্ষায় আছেন। এমনকি ঈশ্বরের সিংহাসন বা আরশ বহন করার জন্যও আটজন ফেরেশতার কাঁধের প্রয়োজন হয় বলে দাবি করা হয়। যে পরম শক্তির ইচ্ছায় এক মুহূর্তে সবকিছু ‘হও’ বললেই হয়ে যায়, তাঁর কেন কাজ ভাগ করে দেওয়ার জন্য এমন অসংখ্য সাহায্যকারী বা ‘হেল্পিং হ্যান্ড’ লাগবে? যার নিজের কোনো সীমাবদ্ধতা নেই, তাঁর কোনো কিছু বহনের জন্য বা পরিচালনার জন্য ফেরেশতার সাহায্য নেওয়ার এই পুরো ধারণাটি একজন সাধারণ রাজকীয় সম্রাটের প্রশাসনিক অক্ষমতার সরাসরি অনুকরণ।
বার্তাবাহকের অসারতা:
যিনি বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি পরমাণুকে একযোগে পরিচালনা করতে পারেন, তাঁর কোনো নির্দিষ্ট মানুষ বা কোনো বিশেষ প্রাণীর মাধ্যমে রাজকীয় ফরমান পাঠাতে হওয়ার দরকার পড়ার কথা নয়। সার্বিক যোগাযোগে সক্ষম কোনো সত্তার এই মধ্যস্থতাকারী নির্ভরতা মূলত তাঁর অসীম ক্ষমতাকেই প্রশ্নবিদ্ধ করে।
ভাষার মতো সীমাবদ্ধ মাধ্যমের ব্যবহার:
ভাষা হলো মানুষের বিবর্তিত যোগাযোগের একটি অত্যন্ত সীমিত মাধ্যম, যা স্থান ও কালের সাথে পরিবর্তিত হয় এবং ভুল ব্যাখ্যার ঝুঁকি রাখে। পরম শক্তিমান সত্তা যদি মানুষের মস্তিষ্কের সাথে সরাসরি ও নিশ্চিতভাবে যোগাযোগ করতে সক্ষম হন, তবে তিনি মানুষের বানানো মাত্র একটি নির্দিষ্ট ভৌগোলিক ভাষার (যেমন আরবি, হিব্রু বা সংস্কৃত) ওপর নির্ভর করে গ্রন্থ পাঠাবেন কেন? তারতো ভাষার মতো সীমাবদ্ধ মাধ্যমের ঊর্ধ্বে গিয়ে সরাসরি প্রতিটি সৃষ্টি বা পরীক্ষার্থীর মস্তিষ্কে বার্তা পাঠানোই ছিল যৌক্তিক পথ।
এখানে ধার্মিকরা হয়তো দাবি করবেন, ঈশ্বর যদি সরাসরি মানুষের মস্তিষ্কে বার্তা বা সত্য পৌঁছে দিতেন, তবে সবাই নিশ্চিত হয়ে যেত এবং পরীক্ষা নেওয়া অসম্ভব হয়ে পড়ত। তবে, এটি একটি চরম খোঁড়া অজুহাত। পরীক্ষার হলের মূল শর্তই হলো প্রতিটি পরীক্ষার্থীর কাছে সঠিক, স্পষ্ট ও নির্ভরযোগ্য প্রশ্নপত্র পৌঁছানো। প্রশ্নপত্র আসল নাকি ভুয়া—এই বিষয়েই যদি পরীক্ষার্থী সংশয়ে থাকে, তবে সেই পরীক্ষা কখনো সুষ্ঠু হতে পারে না। প্রশ্নপত্র এবং পরীক্ষকের পরিচয় নিশ্চিত হওয়ার অর্থ এই নয় যে পরীক্ষার্থী পরীক্ষায় পাস করে গেছে; আসল পরীক্ষা হলো নির্দেশাবলী জানার পর মানুষ নিজের নৈতিকতা ও আচরণ দিয়ে সেই অনুযায়ী আমল করছে কি না। ভুল বার্তা বা বিভ্রান্তিকর মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে পরীক্ষার্থীকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিয়ে বিচার করা কোনো প্রজ্ঞাবান বিচারকের কাজ হতে পারে না।
তাছাড়া, ধার্মিকদের দাবি অনুযায়ী যেখানে ঈশ্বরের পক্ষে অসম্ভব বলে কিছু থাকতে পারে না, সেখানে “সরাসরি বার্তা দিলে পরীক্ষা নেওয়া অসম্ভব হয়ে যেত”—এমন অজুহাত তোলাটা চরম হাস্যকর। অসীম ক্ষমতার অধিকারী সত্তা যদি নিখুঁতভাবে সত্যের বার্তা প্রত্যেকের হৃদয়ে পৌঁছে দিয়েও সততা, ধৈর্য ও নৈতিকতার সুষ্ঠু পরীক্ষা নিতে না পারেন, তবে তো তাঁর সর্বশক্তিমত্তা নিয়েই প্রশ্ন ওঠে। সর্বশক্তিমান ঈশ্বরের ওপর এমন অক্ষমতা আরোপ করে ধার্মিকেরা মুখে তাঁকে ‘সর্বশক্তিমান’ বললেও, অবচেতন মনে তাঁকে সীমাবদ্ধ ও মানুষের মতো দুর্বল এক সত্তা হিসেবেই কল্পনা করে।
মূলত, প্রাচীন রাজতন্ত্রের প্রশাসনিক কাঠামোকেই অনুকরণ করে ঈশ্বরের এই রূপ কল্পনা করা হয়েছিল। একজন প্রাক-আধুনিক রাজা যেভাবে রাজ্য চালাতে মন্ত্রী, দূত ও অনুচর রাখতেন; পরম সত্তাকেও ঠিক সেই মানবীয় ছাঁচে বন্দি করা হয়েছে। অথচ স্বয়ংসম্পূর্ণ সত্তার শাসন চালাতে রাজ দরবার, সিংহাসন ও অনুচরের প্রয়োজন হওয়াটা যে তাঁর অসীম ক্ষমতার সাথেই চরম সাংঘর্ষিক, তা তারা বুঝতে পারেনি এবং এই যুগেও ধার্মিকরা তাই অন্ধভাবে বিশ্বাস করে যাচ্ছে।
৬. মহাবিশ্ব সৃষ্টিতে সময়ের প্রয়োজন ও সর্বশক্তিমান সত্তার সীমাবদ্ধতা
মানুষের শারীরিক ও বস্তুতাত্ত্বিক সীমাবদ্ধতা রয়েছে। কোনো ঘর, স্থাপত্য বা যন্ত্র তৈরি করতে মানুষকে ধাপে ধাপে কাজ করতে হয় এবং তার জন্য নির্দিষ্ট সময় ও কৌশলের প্রয়োজন পড়ে। কিন্তু পরম ও সর্বশক্তিমান শক্তির ক্ষেত্রে এই সীমাবদ্ধতা থাকা অসম্ভব।
সময়সীমার যৌক্তিক সাংঘর্ষিকতা:
ধর্মীয় উপকথাগুলোতে দাবি করা হয় পরম সত্তা মহাবিশ্ব ও পৃথিবীকে ‘ছয় দিনে’ বা ছয়টি নির্দিষ্ট সময়খণ্ডে তৈরি করেছেন। যিনি কেবল ‘হও’ (Be) বললেই মুহূর্তে সবকিছু অস্তিত্বে আনতে সক্ষম, তাঁর কেন কোটি কোটি বছর বা নির্দিষ্ট ছয়টি দিন সময় লাগবে?
শ্রান্তি ও বিশ্রামের রূপক:
কোনো কোনো ধর্মীয় গ্রন্থে এমনকি এ কথাও বলা হয়েছে যে ছয় দিন সৃষ্টির কাজ করার পর ঈশ্বর সপ্তম দিনে ‘বিশ্রাম’ নিয়েছিলেন। শারীরিক শ্রান্তি বা ক্লান্তি অনুভব করা মানুষের একটি জৈবিক ফিচার। অসীম শক্তির কোনো সত্তার পক্ষে কাজ করতে গিয়ে ক্লান্ত হওয়া বা কাজের জন্য সময়ের মুখাপেক্ষী হওয়া চরম বৈপরীত্য।
মানবীয় শ্রমের প্রতিফলন:
আদিম মানুষ কাঠমিস্ত্রি বা রাজমিস্ত্রিকে ধীরে ধীরে কাজ করতে দেখত। সেই অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই তারা কল্পিত ঈশ্বরকেও একজন রাজমিস্ত্রির মতো সময় নিয়ে কাজ করা কারিগর হিসেবে রূপায়িত করেছে, যা প্রকারান্তরে পরম সত্তার অসীম ক্ষমতাকেই নাকচ করে দেয়।
৭. লিঙ্গ নির্ধারণ, রাজকীয় আকৃতি ও বিবর্তনীয় মনস্তত্ত্ব (HAADD)
ধার্মিকরা ঈশ্বরকে রাজা বা পিতার মতো পুরুষবাচক শব্দ দিয়ে প্রকাশ করেন এবং ‘সিংহাসনে বসা’ বা ‘আকাশে থাকা’র মতো দৈহিক রূপ দেন।
লিঙ্গভিত্তিক বিভাজন হলো জৈবিক প্রজননের প্রয়োজনে বিবর্তিত একটি জৈব ব্যবস্থা। পরম একক শক্তির কোনো প্রজনন চাহিদা বা লিঙ্গ পরিচয়ের সুযোগ নেই।
নৃবিজ্ঞান ও বিবর্তনীয় মনস্তত্ত্ব অনুযায়ী, প্রাচীনকালে মানুষের মধ্যে HAADD (Hyperactive Agency Detection Device) নামে একটি মানসিক প্রবণতা বিবর্তিত হয়েছিল। ঝোপের আড়ালে বাতাসের শব্দ হলেও মানুষ মনে করত কোনো মানুষ বা হিংস্র প্রাণী লুকিয়ে আছে। প্রকৃতির যেকোনো ঘটনাকে অদৃশ্য মানবীয় ইচ্ছার ফল মনে করার বিবর্তনীয় ভুল থেকেই মূলত মানবীয় রূপসম্পন্ন ঈশ্বরের জন্ম হয়েছে।
৮. সর্বজ্ঞত অমুখাপেক্ষী স্রষ্টার সাথে ‘পরীক্ষা নেওয়া’র ধারণার বৈপরীত্য
ধর্মীয় উপকথার একটি মূল ভিত্তি হলো—ঈশ্বর মানুষকে নানা দুঃখ, কষ্ট বা প্রলোভন দিয়ে পরীক্ষা নিচ্ছেন।
মানুষ পরীক্ষা নেয় তার মূলত নিজের কোন বিষয়ে যাচাই করে নিশ্চিত হওয়ার জন্য। এছাড়াও, কিছুক্ষেত্রে জবাবদিহিতার জন্যও মানুষের পরীক্ষা নিতে হয়। একজন শিক্ষক শিক্ষার্থীকে পরীক্ষা দেন কারণ তিনি আগে থেকে শতভাগ নিশ্চিত নন কে কত মার্কস পাবে। এমনকি যদিও ধরেও নিই শিক্ষক নিশ্চিতভাবে জানেন কে কত মার্কস পাবেন, তবুও তার পরীক্ষা নিতে হয় জবাবদিহিতা জন্য। কারণ, একজন শিক্ষক রাষ্ট্র ও জনগণের মুখাপেক্ষী। শিক্ষক যদি প্রমাণ করতে পারতেন তিনি সর্বজ্ঞ, তবে তার অযথা পরীক্ষার নেয়ার নামে এতো অবিচার সহ্য করার কোন মানেই হতো না।
কিন্তু যিনি ‘সর্বজ্ঞ’ (Omniscient), যিনি কাল বা সময়ের ঊর্ধ্বে অবস্থান করে প্রতিটি মানুষের ভবিষ্যৎ ও চড়ান্ত পরিণতি আগেই নিশ্চিতভাবে জানেন, যিনি কারো প্রতি জবাবদিহিতার মুখাপেক্ষী নন এবং যিনি ফলাফলের সময় প্রমাণ করতে পারবেন তিনি সর্বজ্ঞ, তাঁর কোনো পরীক্ষা নেওয়ার প্রয়োজন থাকা চরম অযৌক্তিক। নিশ্চিতভাবে আগে থেকে ফলাফল জেনেও পরীক্ষা নেওয়ার নাটক করাটা মূলত মানুষের অজ্ঞতাজাত আচরণকেই ঈশ্বরের ওপর চাপিয়ে দেওয়ার প্রমাণ। এবিষয়ক বিভিন্ন গোঁজামিলের খন্ডনসহ বিস্তারিত লেখাটি পড়তে এখানে ক্লিক করুন।
৯. ‘সবকিছুর একজন কারিগর প্রয়োজন’—স্রষ্টা ধারণার আদিম মনস্তাত্ত্বিক ভুল
মানুষ প্রকৃতির মধ্যে বেঁচে থাকার জন্য বিভিন্ন ভৌত উপাদান রূপান্তর করে নিজের অভাব মেটাতে বস্তু তৈরি করে (যেমন: ঘর, ঘড়ি, পোশাক বা হাতিয়ার)। মানুষের এই বস্তু বানানোর বাধ্যবাধকতাকে মহাবিশ্বের স্বাভাবিক ও প্রাকৃতিক উৎপত্তির ওপর চাপিয়ে দেওয়াই অ্যানথ্রোপোমরফিজমের সবচেয়ে বড় ভিত্তি।
প্রয়োজনের উর্ধ্বে থাকা বনাম সৃষ্টির ইচ্ছা:
মানুষের প্রতিটি সৃষ্টির পেছনে একটি ‘প্রয়োজন’ বা অভাব কাজ করে। কিন্তু পরম সত্তাকে সংজ্ঞায়িত করা হয় ‘অসীম’ ও ‘কোনো কিছুর মুখাপেক্ষী নন’ (Self-sufficient) হিসেবে। যাঁর কোনো অভাব নেই, যাঁর কোনো কিছুর প্রয়োজন নেই, তাঁর হঠাৎ কোটি কোটি নক্ষত্র বা মানুষকে বানানোর ইচ্ছা জাগবে কেন? কোনো প্রয়োজন ছাড়া কিছু তৈরি করা বা হঠাৎ ইচ্ছা তৈরি হওয়া মূলত সীমাবদ্ধ মানব মস্তিষ্কের বৈশিষ্ট্যের অনুকরণ।
কারিগর বনাম প্রাকৃতিক স্বতঃস্ফূর্ততা:
মানুষ যখন একটি গাড়ি বা ঘড়ি দেখে, সে জানে এটি কেউ নকশা করে বানিয়েছে। কিন্তু মানুষ ভুলবশত নিজের এই বস্তু বানানোর অভিজ্ঞতা দিয়ে মহাবিশ্ব ও প্রকৃতির উৎপত্তিকে বিচার করতে যায়।
পৃথিবী সৃষ্টির আধুনিক বৈজ্ঞানিক বাস্তবতা:
আধুনিক জ্যোতির্বিজ্ঞান প্রমাণ করেছে যে পৃথিবীর উৎপত্তি কোনো জাদুকরের পূর্বপরিকল্পিত বা সাজানো রূপ নয়। কোটি কোটি বছর আগে একটি নক্ষত্রের বিস্ফোরণের (Supernova) পর ধূলিকণা ও গ্যাসের চাদর মহাকর্ষ বলের প্রভাবে এক হয়ে জমাট বাঁধতে শুরু করে। কোটি কোটি বছরের অগণিত সংঘর্ষ, গলিত অবস্থা এবং স্বাভাবিক পদার্থবিজ্ঞানের উপজাত হিসেবেই পৃথিবীর রূপ তৈরি হয়েছে। এখানে কোনো অলৌকিক হাত বা রাজমিস্ত্রির ছোঁয়া ছিল না।
যেকোনো প্রাকৃতিক বা জটিল বস্তুর পেছনে একজন ‘ডিজাইনার’ বা কারিগর আছে বলে ধরে নেওয়াটা মূলত মানুষের নিজের অভ্যাসের এক মনস্তাত্ত্বিক প্রতিচ্ছবি। মানুষ যেহেতু নিজে হাত দিয়ে না বানালে কিছু পায় না, তাই সে মনে করে মহাবিশ্বকেও নিশ্চয়ই কোনো কারিগর নিজের হাত দিয়ে বানিয়ে দিয়েছেন—যা অ্যানথ্রোপোমরফিজমের সবচেয়ে বড় প্রমাণ।
১০. পূর্বনির্ধারিত ভাগ্যের বৈপরীত্য ও আমলনামা লেখার অসারতা
ধর্মীয় আখ্যানগুলোতে দাবি করা হয়, পরম সত্তা মহাবিশ্ব ও মানুষ সৃষ্টির বহু পূর্বেই প্রতিটি মানুষের জন্ম থেকে মৃত্যু, জীবনের প্রতি মুহূর্তের পাপ-পুণ্য এবং চূড়ান্ত গন্তব্য (জান্নাত বা জাহান্নাম) একটি নির্দিষ্ট নথিতে (যেমন: লওহে মাহফুজ বা ভাগ্যের বইয়ে) নিখুঁতভাবে লিখে রেখেছেন। কিন্তু একই সাথে আবার দাবি করা হয়, প্রতিটি মানুষের দুই কাঁধে দুজন ফেরেশতা (কিরামান কাতিবীন) সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন এবং মানুষের দৈনন্দিন ভালো-মন্দ কর্মকাণ্ডের খাতা বা ‘আমলনামা’ নিবিড়ভাবে লিখে রাখছেন।
তথ্যাবলীর পুনরাবৃত্তি ও প্রশাসনিক অসংগতি:
যিনি অতীত, বর্তমান ও অনাগত ভবিষ্যতের সবকিছু সৃষ্টির বহু আগেই লিখে রেখেছেন, যাঁর অগোচরে বা জানা নথির বাইরে একটি অণু পরিমাণ ঘটনাও ঘটা অসম্ভব, তাঁর আবার নতুন করে প্রতিদিনের তথ্য সংগ্রহ করার জন্য সার্বক্ষণিক লেখক নিয়োগ দেওয়ার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। যে ডেটাবেজ বা রেকর্ড আগে থেকেই শতভাগ প্রস্তুত ও নির্ধারিত, সেখানে আবার রিয়েল-টাইমে নতুন করে নোট নেওয়ার প্রশাসনিক প্রক্রিয়াটি চরম হাস্যকর।
বিচারের তথাকথিত প্রমাণ বনাম অসারতা:
ধার্মিকেরা হয়তো বলবেন, “বিচারের দিনে মানুষের বিরুদ্ধে প্রমাণ হিসেবে দেখানোর জন্য এই আমলনামা লেখা হয়।” কিন্তু প্রথমত, পরম সর্বজ্ঞ সত্তার নিজস্ব আদালতে বিচার করার জন্য কোনো কাগজ-কলম বা আমলনামা নামক প্রমাণের মুখাপেক্ষী হতে হওয়া মূলত তাঁর অসীমত্বকেই খর্ব করে। দ্বিতীয়ত, লিখিত আমলনামা কখনোই কোনো বিচারিক নিরপেক্ষ প্রমাণ হতে পারে না। একজন লেখক নিজের খাতায় লিখে রাখলেই সেটি সত্য প্রমাণিত হয়ে যায় না; যে কেউ কারো নামে মিথ্যা লিখে রেখেও সেটিকে দাবি করতে পারে। অসীম সর্বশক্তিমান সত্তার পক্ষে যদি প্রমাণ রাখাই জরুরি হতো, তবে লিখিত আমলনামার মতো অসম্পূর্ণ ব্যবস্থার বদলে প্রতিটি মুহূর্তের অবিকল লাইভ দৃশ্য বা সরাসরি স্মৃতির অভিজ্ঞতা দৃশ্যমান করাই হতো সবচেয়ে নিখুঁত ব্যবস্থা। সর্বজ্ঞতার দাবি করার পর আবার দুই কাঁধে কেরানি বসিয়ে খাতায় খসড়া লেখানোর এই গল্পটি মূলত প্রাচীন আমলের খাতা-কলমে হিসাব রাখা রাজকীয় আমলাতন্ত্রেরই এক অবিকল রূপ।
ইসলামিক অ্যাপোলজিস্টদের গোঁজামিল ও সেসবের খণ্ডন
অ্যানথ্রোপোমরফিজমের এই স্পষ্ট সাংঘর্ষিকতা আড়াল করতে আধুনিক অ্যাপোলজিস্টরা কিছু অজুহাত দেওয়ার চেষ্টা করেন:
অজুহাত ১: “আল্লাহর রাগ বা খুশি মানুষের মতো নয়, এগুলোর প্রকৃতি ভিন্ন।”
খণ্ডন: শব্দের অর্থ তৈরি হয় তার প্রকাশ ও প্রতিক্রিয়া থেকে। যদি ঈশ্বরের ‘রাগ’ মানবীয় রাগের মতো না-ই হয়, তবে ‘রাগ’ শব্দটি ব্যবহার করাই ভাষাভিত্তিক চরম বিভ্রান্তি। যদি ঈশ্বরের মানসিক অবস্থার কোনো পরিবর্তনই না ঘটে, তবে তাকে রাগ বা খুশির সাথে তুলনা করা বিশুদ্ধ অ্যানথ্রোপোমরফিজম।
অজুহাত ২: “স্রষ্টা তো কেবল বোঝানোর স্বার্থে মানুষের ভাষায় মানুষের রূপক ব্যবহার করেছেন (Anthropic Metaphor Argument)।”
খণ্ডন: অ্যাপোলজিস্টরা বলেন মানুষ যেন বুঝতে পারে, তাই ঈশ্বর নিজের জন্য ‘রাগ’, ‘হাত’, ‘সিংহাসন’ বা ‘খুশি’র মতো রূপক শব্দ ব্যবহার করেছেন। কিন্তু একজন সর্বজ্ঞ পরম সত্তা যোগাযোগের ক্ষেত্রে এমন শব্দ বেছে নেবেন কেন, যা সর্বকালের মানুষকে চরম বিভ্রান্তিতে ফেলে এবং তাঁকে সীমাবদ্ধ মানুষের মতো প্রতীয়মান করে? পরম সত্তার অসীমত্ব প্রকাশের জন্য তো অসীম ও নিখুঁত পরিভাষা ব্যবহার করাই যৌক্তিক ছিল। ভুল অর্থ প্রকাশ করে বা বিভ্রান্তি তৈরি করে এমন রূপক ব্যবহার করা প্রজ্ঞাবান সত্তার যোগাযোগের ঘাটতিকেই নির্দেশ করে।
অজুহাত ৩: “স্রষ্টার ইচ্ছা ও কর্ম আমাদের মানদণ্ডে বিচার্য নয়; তাঁর ইচ্ছা আমাদের মতো কার্যাবলীর অধীন নয় (Divine Mystery Argument)।”
খণ্ডন: যখনই যুক্তিতে অ্যাপোলজিস্টরা হেরে যান, তখনই তারা “ঈশ্বর আমাদের বুদ্ধির অগম্য” বা “তিনি যা ইচ্ছা তা-ই করতে পারেন” বলে যুক্তি এড়িয়ে যান। কিন্তু একই সাথে তারাই আবার দাবি করেন ঈশ্বর ‘দয়ালু’, ‘প্রেমময়’ বা ‘বিচারক’—যেগুলো সবই মানুষের সংজ্ঞায়িত মানদণ্ড। আপনি যখন ঈশ্বরের ভালো দিকগুলো মানুষের বিচারে সংজ্ঞায়িত করবেন, তখন তাঁর রাগ, ক্ষোভ বা অ্যানথ্রোপোমরফিজমের অসংগতিগুলোও মানুষের যুক্তি ও মানদণ্ডেই খণ্ডন হবে। একপক্ষে মানবীয় সংজ্ঞা ব্যবহার করা এবং অন্যপক্ষে ‘রহস্য’ বলে পালিয়ে যাওয়া এক ধরণের দ্বিমুখী নীতি।
অজুহাত ৪: “দিন বলতে তো আমাদের ২৪ ঘণ্টার দিন নয়, বরং সৃষ্টি প্রক্রিয়ার পর্যায় (Phases) বোঝানো হয়েছে।”
খণ্ডন: দিন বা পর্যায় যাই বলা হোক না কেন, সর্বশক্তিমান সত্তার কেন ধাপে ধাপে বা পর্যায়ক্রমে কাজ করার প্রয়োজন পড়বে? যিনি ‘হও’ (Be) বললেই মুহূর্তে অনন্ত মহাবিশ্ব নিখুঁতভাবে তৈরি হতে পারে, তাঁর ক্ষেত্রে একটি বস্তু তৈরির পর আরেকটি বস্তু তৈরি করার জন্য যেকোনো ধরণের সময়কাল বা পর্যায়ের মধ্য দিয়ে যাওয়াটা পরম শক্তির অসীমত্বের বিপরীত। ধাপে ধাপে কাজ করা মূলত স্থপতি বা কারিগর হিসেবে মানুষের কাজ করার প্রক্রিয়ারই ছায়া।
সারসংক্ষেপ
ধর্মগ্রন্থগুলোতে বর্ণিত পরম সত্তাকে অসীম ও স্বয়ংসম্পূর্ণ হিসেবে দাবি করা হলেও, বাস্তবে তাঁর ওপর মানবীয় রাগ, ক্ষোভ, খুশি, তোষামোদের ক্ষুধা, অনুশোচনা ও প্রতিশোধের মতো দুর্বলতাগুলো আরোপ করা হয়েছে। বিজ্ঞানের ভাষায় এই মনস্তাত্ত্বিক ভুলটিকে বলা হয় অ্যানথ্রোপোমরফিজম (Anthropomorphism) বা মানব রূপারোপবাদ। অসীম ও সর্বজ্ঞ কোনো সত্তার মানুষের স্তব-স্তুতির মুখাপেক্ষী হওয়া, ভুল সিদ্ধান্ত নিয়ে আফসোস করা কিংবা আনুগত্য যাচাইয়ের নাম করে পরীক্ষা নেওয়ার নাটক করা চরম বৈপরীত্য।
তদুপরি, বার্তা পাঠানোর জন্য দূত, কাজ ভাগ করার ফেরেশতা, সিংহাসন পাহারা দেওয়া কিংবা কাঁধে খাতা-কলমে হিসাব রাখা কেরানি বসানোর মতো ধারণাগুলো সরাসরি প্রমাণ করে যে ঈশ্বরকে সর্বশক্তিমান ভাবা হলেও তাঁর রূপ আঁকা হয়েছে প্রাচীন আমলের অদূরদর্শী রাজাদের প্রশাসনিক কাঠামোর ওপর ভিত্তি করে। সংক্ষেপে, ধর্মগুলোতে বর্ণিত ঈশ্বর কোনো অসীম পরম সত্তা নন; বরং আদিম মানুষের বিবর্তনীয় ভয়, অজ্ঞতা ও রাজনৈতিক ব্যবস্থার অনুকরণে গড়ে ওঠা মানবীয় কল্পনারই এক অবিকল প্রজেকশন।




