সৃষ্টিকর্তাকতৃক মানুষের পরীক্ষা নেওয়া কতটা যৌক্তিক?

মুমিনদের সবচেয়ে বড় অজুহাত হলো “আল্লাহর পরীক্ষা”। যেকোনো ধর্মীয় অসংগতি বা অন্যায়ের উত্তর না থাকলেই তাঁরা একে আল্লাহর পরীক্ষা বলে চালিয়ে দেন। তাহলে আসুন আমরা কুরআন-হাদিস ও যুক্তির আলোকে দেখি—ভবিষ্যৎজ্ঞান ও ভাগ্য নির্ধারণকারী আল্লাহর পরীক্ষা নেওয়া কি যৌক্তিক, নাকি এই পরীক্ষা নেওয়ার ধারণাটি তাকে প্রশ্নবিদ্ধ করে।

Table of Contents

১. আল্লাহর বৈশিষ্ট্যের সাথে আল্লাহর পরীক্ষার স্ববিরোধিতা

পরীক্ষা নেওয়ার প্রয়োজন পড়ে মানুষের, কারণ মানুষ ভবিষ্যৎ জানে না। কিন্তু আল্লাহ ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত জানেন এবং নির্ধারণও করে রেখেছেন। যিনি ফলাফল আগেই জানেন এবং লিখে রেখেছেন, তার জন্য আবার পরীক্ষা নেওয়াটা স্পষ্টতই অযৌক্তিক।

এক্ষেত্রে অনেকেই শিক্ষকের উদাহরণ দেন—শিক্ষক যেমন জানেন কে কত নম্বর পাবে তাও পরীক্ষা নেন। কিন্তু এই তুলনাটি সম্পূর্ণ ভুল ও অসম।কারণ:

  • অনুমান বনাম নিশ্চিত জ্ঞান: শিক্ষক অতীত পারফরম্যান্স দেখে কেবল অনুমান করেন, নিশ্চিত বলতে পারেন না।
  • পূর্ব-নির্ধারণ: শিক্ষক কারো ভাগ্য আগে থেকে নির্ধারণ করে দেন না। কিন্তু আল্লাহ সৃষ্টির আগেই জান্নাত বা জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন।
  • সহিহ হাদিসের প্রমাণ: রাসুলুল্লাহ (সা.) বলেন, আল্লাহ আদম (আ.)-এর পৃষ্ঠদেশ থেকে সন্তানদের বের করে বললেন, “আমি এদেরকে বেহেশতের জন্য সৃষ্টি করেছি…” এবং অপর অংশকে বের করে বললেন, “আমি এদেরকে দোযখের জন্য সৃষ্টি করেছি…” এক ব্যক্তি প্রশ্ন করলে নবী জানান, আল্লাহ যাকে যার জন্য সৃষ্টি করেছেন, তাকে দিয়ে সেই কাজই করিয়ে নেন। (সূত্র: সহিহ হাদিস – https://www.hadithbd.com/hadith/link/?id=74557)

২. “অভিযোগ এড়ানোর অজুহাত” ও হাদিস-কুরআনের বৈপরীত্য

অনেকে দাবি করেন, পরীক্ষা না নিয়ে সরাসরি জান্নাত-জাহান্নামে পাঠালে মানুষ নাকি অভিযোগ করত, তাই আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, যেন মানুষ অভিযোগ করতে না পারে। এই যুক্তিটি কয়েকটি কারণে বাতিল হয়ে যায়:

১. আল্লাহর মুখাপেক্ষীহীনতা:

সূরা ইখলাস অনুযায়ী আল্লাহ কারো মুখাপেক্ষী নন। তার বান্দার কাছে জবাবদিহি করার কোনো বাধ্যবাধকতা নেই। মানুষ বা শিক্ষকদের সমাজ বা রাষ্ট্রের কাছে জবাবদিহি করতে হয়, কিন্তু ইসলাম অনুযায়ী আল্লাহর ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।

২. তাকদীর বা ভাগ্যের দোহাই (আদম ও মূসার বিতর্ক): 

একাধিক সহিহ হাদিসে এসেছে, মূসা (আ.) যখন আদম (আ.)-কে ভর্ৎসনা করেন, তখন আদম (আ.) বলেন—যা সৃষ্টির ৪০ বছর আগেই লিখে রাখা হয়েছে, তার জন্য কেন ভর্ৎসনা করা হচ্ছে? এতে মূসা (আ.) তর্কে হেরে যান।

( https://www.hadithbd.com/hadith/link/?id=18826) 

৩. খিজিরের ঘটনা (সূরা কাহাফ, আয়াত ৭৪-৮০):

খিজির (আ.) একটি নিষ্পাপ বালককে হত্যা করেছিলেন, কারণ সে বড় হয়ে গোমরাহ হবে। যদি ভবিষ্যৎ জ্ঞানের ওপর ভিত্তি করে বালককে আগেই হত্যা করা বৈধ হয়, তবে পুরো মানবজাতির জন্য দীর্ঘ ও কষ্টদায়ক পরীক্ষার নাটকীয়তার কী প্রয়োজন ছিল?

৩. আল্লাহর পরীক্ষা ব্যবস্থার চরম বৈষম্য ও অস্বচ্ছতা

একটি নিরপেক্ষ পরীক্ষায় সবার সুযোগ ও প্রশ্নপত্র সমান হওয়া উচিত। অথচ এই কাল্পনিক পরীক্ষা ব্যবস্থায় অসংগতি ও বৈষম্য স্পষ্ট:

১. পরীক্ষা ছাড়াই ফয়সালা (নাবালেগ শিশু সংক্রান্ত বৈপরীত্য): 

মুসলিম শিশুরা পরীক্ষা ছাড়াই জান্নাতে যাচ্ছে। আবার হাদিসে আয়েশা (রা.)-এর প্রশ্নের জবাবে নবী জানান, অমুসলিম শিশুরা বেঁচে থাকলে কী আমল করত, আল্লাহ তা জেনেই ফয়সালা করবেন। (সূত্র: সহিহ হাদিস – https://www.hadithbd.com/hadith/link/?id=54670) তাহলে প্রশ্ন ওঠে—যে শিশুদের পরীক্ষা ছাড়াই জান্নাত বা জাহান্নাম দেওয়া হচ্ছে, তাদের ক্ষেত্রে ‘পরীক্ষা দেওয়া’ বাধ্যতামূলক হলো না কেন? অন্যদের কেন পরীক্ষা দিতে হচ্ছে?

২. বিনা অপরাধে জাহান্নাম (প্রোথিত সন্তান ও মা):

হাদিসে বলা হয়েছে, জীবন্ত প্রথিত (কবরে পুতে ফেলা) কন্যাসন্তান এবং তার মা—উভয়েই জাহান্নামী। যে শিশুকন্যাটি কোনো অপরাধ বা পরীক্ষার সুযোগই পেল না, তাকেও জাহান্নামে পাঠানো কোন ধরণের বিচার? (সূত্র: সহিহ হাদিস – https://www.hadithbd.com/hadith/link/?id=36748)

৩. দাওয়াত-বঞ্চিত জনগোষ্ঠী ও পরীক্ষার বৈষম্য:

মানুষের ইতিহাসে এমন অসংখ্য অঞ্চল ও প্রাচীন জনগোষ্ঠী ছিল (এমনকি আজও সেন্টিনেল দ্বীপের মতো বিচ্ছিন্ন উপজাতি রয়েছে), যাদের কাছে কোনো ধর্মীয় দাওয়াত বা ইসলামের বার্তা কখনোই পৌঁছায়নি।

ইসলামি নিয়ম অনুযায়ী, বার্তা না পৌঁছালে কাউকে শাস্তি দেওয়া যায় না (সূরা বনী ইসরাঈল: ১৫)। এখন প্রশ্ন হলো, যারা কোনো পরীক্ষা বা বার্তা ছাড়াই জীবন পার করল, তাদের শেষ পরিণতি কী?

যদি তাদের পরীক্ষা ছাড়াই জান্নাত দেওয়া হয়, তবে বাকি মানবজাতির ওপর পরীক্ষা চাপিয়ে দেওয়াটা এক চরম বৈষম্য। পরীক্ষা না দিয়ে জান্নাতে যাওয়াই তো তবে বেশি সুবিধাজনক ছিল! আর যদি তাদের শাস্তি দেওয়া হয়, তবে তা আল্লাহর নিজস্ব ন্যায়ের দাবির সাথেই সাংঘর্ষিক। তাছাড়া, এসব বাস্তবতা আল্লাহর দাওয়াত বা পরীক্ষার নেয়ার সক্ষমতাকেই প্রশ্নবিদ্ধ করে।

৪. জন্মগত ও সামাজিক পরিবেশের বৈষম্য

সামাজিক সমীক্ষা অনুযায়ী, বৈশ্বিক জনসংখ্যার ৯০%-এরও বেশি মানুষ জন্মসূত্রে প্রাপ্ত ধর্মই আজীবন পালন করে। শৈশব থেকে যে বিশ্বাস মগজে গেঁথে দেওয়া হয়, তা ভেঙে অন্য ধর্ম গ্রহণ করা চরম মনস্তাত্ত্বিক বাধা। অমুসলিমদের ক্ষেত্রে মুসলিমরা ‘বিবেক-বুদ্ধি দিয়ে সত্য খোঁজার’ উপদেশ দিলেও নিজেরা কখনোই যুক্তি-বুদ্ধি দিয়ে নিজস্ব ধর্ম পরীক্ষা করে দেখে না। নিজের ধর্মের ক্ষেত্রে তারা ‘অন্ধ বিশ্বাস’-কে ঈমান হিসেবে চিনে, কিন্তু অন্য ধর্মের মানুষের কাছে যুক্তি দাবি করে—যা এক চরম দ্বিমুখী নীতি। মুসলিমরা নিজেরাও যেখানে নিরপেক্ষভাবে যাচাই করতে ব্যর্থ, সেখানে অন্য পরিবারে জন্মানো ব্যক্তির থেকে তা আশা করে একই ধর্মীয় কাঠগড়ায় দাঁড় করানো এক চরম বৈষম্যমূলক ব্যবস্থা।

অনেকে অজুহাত দেন—”অমুসলিমদের জন্য সুবিধা বেশি, কারণ ইসলাম গ্রহণ করলে আগের সব গুনাহ মাফ হয়ে যায়।” এটি একটি ফাঁপা যুক্তি। কারণ সহিহ হাদিস অনুযায়ী, একজন জন্মগত মুসলিমও তওবা করলে তার অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়।

আবার অনেকে বলেন, “মুসলিমদেরও তো পাপাচারের জন্য জাহান্নামে যেতে হতে পারে।” কিন্তু বাস্তবতা হলো—একজন জন্মগত মুসলিম পাপ করলেও তওবা, নবীর সুপারিশ বা সাময়িক সাজা ভোগ শেষে একদিন না একদিন চিরস্থায়ী জান্নাতে যাবেই। অন্যদিকে, ভিন্ন পরিবারে জন্মানো একজন নৈতিক ও সৎ অমুসলিমকে চিরতরে অনন্ত জাহান্নামে পুড়তে হবে। পরীক্ষা শুরুর আগেই একজনকে ‘চিরস্থায়ী জান্নাতের গ্যারান্টি’ দিয়ে অন্যজনকে অনন্ত শাস্তির ঝুঁকিতে ফেলা কোনো নিরপেক্ষ পরীক্ষা হতে পারে না।

৫. নবী ও সাধারণ মানুষের ব্যবধান: 

কেউ কোনপ্রকার পূর্ব-পরীক্ষা ছাড়াই জন্মগতভাবে বিশেষ অলৌকিক প্রমাণ ও নবুয়তের মর্যাদা পাচ্ছেন, অথচ সাধারণ মানুষকে কোনো স্পষ্ট প্রমাণ ছাড়াই অন্ধবিশ্বাস করতে বলা হচ্ছে।

৪. পরীক্ষার বিষয়বস্তু: মানবসৃষ্ট সভ্য পরীক্ষা বনাম আল্লাহর পরীক্ষার নামে অসভ্যতা 

সভ্য মানুষরা যেখানে নিজেদের অসংখ্য সীমাবদ্ধতা ও অপারগতা থাকা সত্ত্বেও পরীক্ষার বিষয়বস্তু হিসেবে সভ্য বিষয়বস্তু তথা প্রজ্ঞা, মেধার মূল্যায়ন ও শান্তিময় পরিবেশ নিশ্চিত করেছে—উদাহরণস্বরূপ বিসিএস, বিশ্ববিদ্যালয় বা যেকোনো প্রাতিষ্ঠানিক পরীক্ষা, যেখানে কোনো শারীরিক নির্যাতন, অসভ্যতা বা বর্বরতার স্থান নেই। অথচ তথাকথিত পরম দয়ালু ও সর্বশক্তিমান আল্লাহর পরীক্ষার বিষয়বস্তু নাকি নিষ্পাপ প্রাণী ও শিশুহত্যা, গজবের নামে নির্বিচারে শাস্তি, শিশুকে কষ্ট দিয়ে পিতামাতার পরীক্ষা, খুন, ধর্ষণ, নৃশংসতা, ব্যাধি ও অনাহারের তীব্র যান্ত্রণা! সসীম ক্ষমতার মানুষ যেখানে শান্তিপূর্ণ উপায়ে পরীক্ষা নেওয়ার সংস্কৃতি গড়ে তুলল, সেখানে এক অসীম দয়ালু সত্তা পরীক্ষা নেওয়ার অজুহাতে অমানবিক নির্যাতনকে মাধ্যম হিসেবে বেছে নেবেন—এটি এক চরম স্ববিরোধী চিন্তা।

পরীক্ষার জন্য সভ্য ও প্রজ্ঞাপূর্ণ বিষয়বস্তুর কি অভাব পড়েছিলো যে জঘন্য অপরাধ ও নির্মম অসভ্যতাকে পরীক্ষার বিষয়বস্তু বানাতে হবে, তাও মহান সর্বশক্তিমান দয়ালু সৃষ্টিকর্তা কতৃক?

বাস্তব পৃথিবীর অন্যায়, বৈষম্য ও জঘন্য ঘটনার কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা না পেয়ে মানুষ কেবল নিজেকে সান্ত্বনা দিতেই একটি ‘কাল্পনিক বিচারালয়’ ও ‘পরীক্ষার ক্ষেত্র’ আবিষ্কার করেছে। নিষ্পাপ শিশুর রোদন কিংবা অমানবিক নির্যাতনকে আল্লাহর পরীক্ষার অজুহাত বানানো মূলত কোনো মহান ঐশ্বরিক বিধান নয়, বরং ধর্মীয় অন্ধবিশ্বাস আড়াল করার এক করুণ মনস্তাত্ত্বিক আত্মছলনা।

সারকথা

ভবিষ্যৎজ্ঞান ও তাকদীর-এর স্ববিরোধিতা, অমুসলিম কিংবা বার্তা-বঞ্চিত পরিবারে জন্মানো মানুষদের প্রতি চরম বৈষম্য এবং নিষ্পাপ শিশুদের অমানবিক কষ্টের মাধ্যমে পরীক্ষা নেওয়ার অসভ্য সংস্কৃতি—এই বিষয়গুলো স্পষ্ট প্রমাণ করে যে প্রচলিত “আল্লাহর পরীক্ষা ব্যবস্থা” ধারণাটি যুক্তি, প্রজ্ঞা ও বিচারবুদ্ধির আলোকে সম্পূর্ণ অসার। এক সর্বজ্ঞ ও পরম দয়ালু সত্তার ইমেজের সাথে এই উদ্দেশ্যহীন ও পক্ষপাতমূলক ব্যবস্থার কোনো মেলবন্ধন সম্ভব নয়। মূলত বাস্তব জগতের অন্যায়, অসংগতি ও নির্মমতার কোনো সদুত্তর না পেয়ে সমাজকে অন্ধ অনুগত রাখতে এবং নিজেদের মনকে মিথ্যা সান্ত্বনা দিতেই এই ‘পরীক্ষার অজুহাত’ তৈরি করা হয়েছে।

এমন আরও কিছু গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক লেখা পড়ুন : ​নিষ্পাপ প্রাণীদের প্রতিদানহীন শাস্তি, দয়া নাকি ন্যায়বিচার? ধার্মিকদের সকল খোঁড়া যুক্তি ও তার খণ্ডন

  • Related Posts

    স্রষ্টা কি রাগেন বা খুশি হন? মানুষের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা সৃষ্টিকর্তার উপর চাপিয়ে দেয়া কতটা যৌক্তিক?

    মানুষ সাধারণত তার নিজের রূপ, অনুভূতি, কল্পনা এবং সীমাবদ্ধতা দিয়েই সবকিছুকে ব্যাখ্যা করতে চায়। এই বিশেষ মনস্তাত্ত্বিক প্রবণতাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যানথ্রোপোমরফিজম (Anthropomorphism) বা মানব রূপারোপবাদ। সহজ ভাষায়, মানবীয় আবেগ, আকৃতি বা চরিত্রকে কোনো অ-মানবীয় বস্তু বা পরম সত্তার ওপর জোর করে চাপিয়ে দেওয়ার প্রক্রিয়াই হলো অ্যানথ্রোপোমরফিজম। কার্টুনে পশুপাখির কথা বলা যেমন অ্যানথ্রোপোমরফিজম, ঠিক তেমনি ধর্মীয় সৃষ্টিতত্ত্ব ও ঈশ্বর ভাবনায় মানবীয় গুণাবলী আরোপ করা এর সবচেয়ে বড় উদাহরণ।…

    Read more

    ​আল্লাহ কেন শিশুদের কষ্ট দেন: ধর্মীয় গোঁজামিলের যৌক্তিক খণ্ডন

    যখনই কেউ প্রশ্ন করে, জন্মগতভাবে একটা শিশুকে প্রতিবন্ধী বানিয়ে বা ভয়ানক রোগ দিয়ে আল্লাহ কেন শিশুদের কষ্ট দেন? অবুঝ শিশুদের কষ্ট দিয়ে তিনি কিসের পরীক্ষা নেন? এগুলো কি আসলে দয়ার নমুনা নাকি নির্দয়তার নমুনা? আল্লাহ কি আসলেই পরম দয়ালু? নিজের বিবেককে একবার প্রশ্ন করুন তো! ধরুন, আপনি নিজে যদি আল্লাহ হতেন, তাহলে কি কখনো পরীক্ষার অজুহাতে এরকম অমানবিক কাজ করতে পারতেন?

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Latest

    স্রষ্টা কি রাগেন বা খুশি হন? মানুষের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা সৃষ্টিকর্তার উপর চাপিয়ে দেয়া কতটা যৌক্তিক?

    স্রষ্টা কি রাগেন বা খুশি হন? মানুষের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা সৃষ্টিকর্তার উপর চাপিয়ে দেয়া কতটা যৌক্তিক?

    মহাবিশ্বের উৎপত্তি: পরম কারণ নাকি প্রাকৃতিক নিয়ম?

    মহাবিশ্বের উৎপত্তি: পরম কারণ নাকি প্রাকৃতিক নিয়ম?

    প্রাণের উদ্ভব: ঈশ্বর নাকি প্রাকৃতিক রাসায়নিক বিক্রিয়া?

    ​আল্লাহ কেন শিশুদের কষ্ট দেন: ধর্মীয় গোঁজামিলের যৌক্তিক খণ্ডন

    ​আল্লাহ কেন শিশুদের কষ্ট দেন: ধর্মীয় গোঁজামিলের যৌক্তিক খণ্ডন

    নবী মুহাম্মদের গাছ বিদ্বেষ: অলৌকিক কাহিনীর অন্তরালে কুসংস্কার ও পরিবেশবিরোধী চেতনা

    নবী মুহাম্মদের গাছ বিদ্বেষ: অলৌকিক কাহিনীর অন্তরালে কুসংস্কার ও পরিবেশবিরোধী চেতনা

    ইসলামে নারীরা কি আসলেই পুরুষের চেয়ে বেশি সম্পত্তি পায়? ৫টি ভুল ধারণা ও খণ্ডন

    ইসলামে নারীরা কি আসলেই পুরুষের চেয়ে বেশি সম্পত্তি পায়? ৫টি ভুল ধারণা ও খণ্ডন