হাজার বছর ধরে দর্শন আর ধর্মের আকাশে যে প্রশ্নটি সবচেয়ে বড় ঝড় তুলে আসছে, তা হলো—একটি নিষ্পাপ শিশু যখন ক্যানসারের মতো মরণব্যাধিতে তীব্র যন্ত্রণায় ছটফট করে, তখন ঈশ্বর কেন নীরব থাকেন? আজ থেকে প্রায় ২৫০০ বছর পূর্বে গ্রিক দার্শনিক এপিকিউরাস মানুষের এই চিরন্তন হাহাকারকে এমন এক যৌক্তিক ফাঁদে রূপ দিয়েছিলেন, যা আজ পর্যন্ত পৃথিবীর সমস্ত ধর্মতত্ত্বের ভিত নাড়িয়ে দেয়।আজ আমরা এপিকিউরাসের বিখ্যাত প্যারাডক্স সম্পর্কে বিস্তারিত জানবো গোজামিলের জবাবসহ।
এপিকুরাস ঈশ্বরের তিনটি প্রচলিত গুণ—সর্বশক্তিমানতা, সর্বজ্ঞতা এবং পরম দয়া—একসাথে টেবিলে রেখে একটি তিনমুখী ফাঁদ বা ‘ট্রাইলেম্মা’ (Trilemma) তৈরি করেছিলেন। আজ আমরা দেখব, কেন এই তিনটি প্রশ্নকে একসাথে রাখলে ধার্মিক বা ধর্মপ্রচারকদের সমস্ত তাত্ত্বিক দেয়াল তাসের ঘরের মতো ভেঙে পড়ে।
এপিকিউরাসের সেই অকাট্য ত্রিমুখী ফাঁদ
এপিকিউরাস তাঁর প্যারাডক্সটিকে আলাদা আলাদা টুকরো করেননি, বরং এক লাইনের পর আরেক লাইন সাজিয়ে ঈশ্বর ধারণাকে এক চূড়ান্ত গোলকধাঁধায় বন্দি করেছেন:
১. ঈশ্বর কি পৃথিবীতে বিদ্যমান মন্দ ও কষ্ট দূর করতে চান, কিন্তু পারেন না? — তাহলে তিনি সর্বশক্তিমান নন, তিনি অক্ষম।
২. তিনি কি পারেন, কিন্তু চান না? — তাহলে তিনি পরম দয়ালু নন, তিনি নিষ্ঠুর।
৩. তিনি কি দূর করতে পারেন এবং চান দুই-ই? — তাহলে এই পৃথিবীতে এত কষ্ট আর অশুভ আসছে কোথা থেকে?
এপিকুরাসের প্যারাডক্স: ধার্মিকদের যুক্তি ও সেগুলোর অসারতা:
যখন এই তিনটি প্রশ্নকে একক শক্তি হিসেবে ছুড়ে দেওয়া হয়, তখন ধর্মপ্রচারকরা ঈশ্বরকে বাঁচাতে মূলত ৪টি চেনা যুক্তিকে ঢাল হিসেবে ব্যবহার করেন। কিন্তু মুক্তবুদ্ধি আর বিজ্ঞানের কষাঘাতে সেই ঢালগুলো কীভাবে খড়কুটোর মতো উড়ে যায়, তা নিচে দেওয়া হলো:
১. “মানুষের স্বাধীন ইচ্ছা (Free Will) আছে” — তাকদীর ও প্রাকৃতিক কষ্টের ধাক্কা
ধার্মিকদের দাবি: ঈশ্বর মানুষকে রোবট বানাননি, স্বাধীন ইচ্ছা দিয়েছেন। মানুষ নিজের ইচ্ছায় যুদ্ধ, খুন বা অন্যায় করে পৃথিবীতে কষ্ট ডেকে আনে।
খণ্ডন: প্রথমত, ইসলাম অনুযায়ী মানুষের স্বাধীন ইচ্ছা বিষয়টিই প্রশ্নবিদ্ধ। তবুও যদি তর্কের খাতিরে ধরে নিই যে স্বাধীন ইচ্ছা আছে এবং সেটা দিয়ে মানুষের তৈরি করা কষ্ট ব্যাখ্যা করা গেলেও, ‘প্রাকৃতিক কষ্ট’ (Natural Evil) ব্যাখ্যা করা যায় না। একটা শিশু যখন জন্মগত অন্ধত্ব, ডাউন সিন্ড্রোম বা থ্যালাসেমিয়া নিয়ে জন্মায়, কিংবা ভূমিকম্পে মাটি চাপা পড়ে মারা যায়—সেখানে কার স্বাধীন ইচ্ছা কাজ করেছিল? চিকিৎসাবিজ্ঞান প্রমাণ করেছে এগুলো জিনগত ত্রুটি বা প্রকৃতির নিয়ম, যেখানে মানুষের হাত নেই।
দ্বিতীয়ত, ইসলামি আকিদা অনুযায়ী আল্লাহ যদি মানুষের ভাগ্য (তাকদীর) আগেই লিখে রাখেন এবং তিনি যদি ‘সর্বজ্ঞ’ হন, তবে কে কখন কী অপরাধ করবে তা তিনি মানুষের জন্মের আগেই জানতেন। ফলাফল আগে থেকে নির্ধারণ করে রেখে মানুষকে ‘স্বাধীন ইচ্ছা’র দোহাই দিয়ে দোষী সাব্যস্ত করাও এক চরম যৌক্তিক স্ববিরোধিতা।
২. “দুনিয়া আসলে পরীক্ষার হল” — সর্বজ্ঞের নাটকের ব্যর্থতা
ধার্মিকদের দাবি: পৃথিবী আরামের জায়গা নয়, এটি পরীক্ষার ক্ষেত্র। কষ্ট দিয়ে ঈশ্বর মানুষের ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা নেন।
খণ্ডন: পরীক্ষা নেওয়া হয় অজানা কিছু জানার জন্য। যিনি নিজেই ‘সর্বজ্ঞ’, যিনি সৃষ্টির আদি থেকে অন্ত সব জানেন এবং যিনি কারো অভিযোগের মুখাপেক্ষী নয়, তাঁর এই পরীক্ষা নেওয়ার নাটকটি সম্পূর্ণ অর্থহীন।
সবচেয়ে বড় কথা, কোটি কোটি শিশু ভালো-মন্দের পার্থক্য বোঝার আগেই রোগ বা অনাহারে মারা যায়। সে কী পরীক্ষা দিল? আর শিশুকে তীব্র কষ্ট দিয়ে তার মা-বাবার ধৈর্য পরীক্ষা করার তত্ত্বটি চরম অনৈতিক। একজনকে নির্মম শারীরিক নির্যাতন করে আরেকজনের মানসিক পরীক্ষা নেওয়া কোনো ‘মহান দয়ালু’ সত্তার কাজ হতে পারে না।
৩. “ঈশ্বরের জ্ঞান অসীম, মানুষের সীমিত” — একটি যৌক্তিক পলায়নবাদ
ধার্মিকদের দাবি: আমাদের মানুষের বুদ্ধি ছোট। একটা বড় ক্যানভাসের ছবিতে সামান্য কালো দাগ দেখে যেমন পুরো ছবিকে কুৎসিত বলা যায় না, ঠিক তেমনি ঈশ্বরের অসীম পরিকল্পনায় এই কষ্টের পেছনে কোনো বড় ‘কল্যাণ’ লুকিয়ে আছে।
খণ্ডন: একে যুক্তিশাস্ত্রে বলে ‘স্পেশাল প্লিডিং’ বা ডাবল স্ট্যান্ডার্ড। যখন পৃথিবীতে কোনো সুন্দর ফুল ফোটে বা ভালো ঘটনা ঘটে, তখন ধার্মিকরা নিজেদের সীমিত বুদ্ধি দিয়েই সিদ্ধান্ত নেন যে “ঈশ্বর দয়ালু”। কিন্তু যখনই জগতের নির্মম কষ্ট (যেমন শিশুর ক্যানসার) সামনে আসে, তখনই তারা বলেন “ঈশ্বরের রহস্য মানুষের বোঝার সাধ্য নেই”। যদি মানুষের বুদ্ধি দিয়ে ঈশ্বরের দয়া ও মহত্ব বোঝা জায়েজ হয়, তবে মানুষের একই বুদ্ধি ও নৈতিকতা দিয়ে তাঁর নিষ্ঠুরতাকেও চেনা সম্ভব।
৪. “কষ্টের বিনিময়ে পরকালে জান্নাত ও পুরস্কার” — ক্ষমতার সীমাবদ্ধতা
ধার্মিকদের দাবি: দুনিয়ার এই সাময়িক কষ্টের বদলে পরকালে ভুক্তভোগীকে অনন্তকালের জান্নাত ও সুখ দেওয়া হবে, যা সমস্ত কষ্টকে ভুলিয়ে দেবে।
খণ্ডন: এই যুক্তিটি ঈশ্বরের ‘সর্বশক্তিমান’ গুণের চরম অবমাননা করে। ঈশ্বর যদি সর্বশক্তিমানই হন, তবে তিনি কোনো মানুষকে এই অবর্ণনীয় শারীরিক ও মানসিক কষ্ট না দিয়েই সরাসরি জান্নাতে পাঠাতে পারতেন। সন্তানকে নির্দয়ভাবে মারধর করার পর তাকে দামি খেলনা কিনে দেওয়া যেমন কোনো আদেশ বাবার লক্ষণ হতে পারে না, তেমনি দুনিয়ায় নিষ্পাপ প্রাণীদের তীব্র কষ্ট দিয়ে পরে জান্নাত বা পরকালের সান্ত্বনা দেওয়ার আইডিয়াটি কোনো পরম দয়াময়ের চরিত্রের সাথে খাপ খায় না।
মূলকথা
এপিকিউরাসের এই প্যারাডক্সের আসল সৌন্দর্য এখানেই যে, আপনি ঈশ্বরের যেকোনো একটি গুণকে বাঁচাতে গেলে অন্য গুণটি স্বয়ংক্রিয়ভাবে হারিয়ে যাবে। ঈশ্বরকে ‘সর্বশক্তিমান’ প্রমাণ করতে গেলে তাঁর ‘দয়া’ বিলীন হয়ে যায়, আবার তাঁকে ‘দয়ালু’ প্রমাণ করতে গেলে তাঁর ‘ক্ষমতা’ প্রশ্নের মুখে পড়ে। জগতকে যদি আমরা কোনো সচেতন ঈশ্বর ছাড়া স্রেফ অন্ধ, উদাসীন এবং প্রাকৃতিক নিয়মে চলতে থাকা একটি বিবর্তনীয় ব্যবস্থা হিসেবে দেখি, তবেই কেবল এই মন্দের উপস্থিতি যৌক্তিকভাবে ব্যাখ্যা করা সম্ভব। প্রকৃতি দয়ালুও নয়, নিষ্ঠুরও নয়; প্রকৃতি কেবলই উদাসীন। আর এই উদাসীন বাস্তবতাকে আড়াল করতেই জন্ম নেয় ধর্মের অজস্র যৌক্তিক গোঁজামিল।





