যেকোনো ধর্মগ্রন্থ থেকে বৈজ্ঞানিক মিরাকল বের করার ৫টি কৌশল

ডিজিটাল বিপ্লব ও সোশ্যাল মিডিয়ার এই যুগে তরুণ প্রজন্মের কাছে ধর্মগ্রন্থকে অলৌকিক প্রমাণ করতে এক অদ্ভুত কৌশলের প্রচলন ঘটেছে, আর তা হলো—হাজার বছর আগের প্রাচীন কোনো ধর্মগ্রন্থে নাকি আধুনিক বিজ্ঞানের জটিল জটিল আবিষ্কার কিংবা নিখুঁত গাণিতিক মিরাকল আগে থেকেই লুকিয়ে রাখা হয়েছিল!

অনেকেই মনে করেন, কুরআনে বৈজ্ঞানিক মিরাকল খোঁজার এই ট্রেন্ডটি বুঝি সাম্প্রতিককালের ইসলামিক অ্যাপোলজিস্টরা প্রথম আবিষ্কার করেছেন। কিন্তু ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, এই ধারণাটি একেবারেই ভুল। মুসলিম অ্যাপোলজিস্টরা মূলত এই পুরো কৌশলটি হুবহু কপি বা অনুকরণ করেছেন খ্রিষ্টান ক্রিয়েশনিস্ট ও অ্যাপোলজিস্টদের কাছ থেকে।

বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে আমেরিকান ও ইউরোপীয় খ্রিষ্টান প্রচারক—যেমন হেনরি এম. মরিস (Henry M. Morris) কিংবা হিউ রস (Hugh Ross)—বাইবেলের ‘জেনেসিস’ ও অন্যান্য অধ্যায়কে অলৌকিক ও বৈজ্ঞানিক সত্য হিসেবে প্রমাণের জন্য প্রথম এই ছাঁচগুলো তৈরি করেন। পরবর্তীতে খ্রিষ্টান অ্যাপোলজিস্টদের এই মডেল পর্যবেক্ষণ করে মুসলিম বিশ্বের অ্যাপোলজিস্টরা একই ধান্দা হাতে নেন। দক্ষিণ আফ্রিকার ডিব্যাটার আহমদ দিদাত (Ahmed Deedat) প্রথম বাইবেলের সাথে কুরআনের তুলনা ও কুরআনে বৈজ্ঞানিক মিরাকল দেখানোর এই ধারা ব্যাপকভাবে চালু করেন। আর তার হাত ধরেই উঠে আসেন তার অনুসারী জাকির নায়েক (Zakir Naik), যিনি এই অ্যাপোলজিটিক্সকে এক বিশাল ইন্ডাস্ট্রিতে রূপ দেন।

শুধু মুসলিমরা নয়, পরবর্তীতে হিন্দু অ্যাপোলজিস্টরাও একই ফাঁদ অনুকরণ করে বেদ ও গীতায় কোয়ান্টাম ফিজিক্স কিংবা রকেটের প্রযুক্তি আবিষ্কার করতে শুরু করেন।

অ্যাপোলজিস্টদের এই পুরো খেলাটি মূলত দুই ধরনের চরম ধোঁকাবাজির ওপর দাঁড়িয়ে থাকে:

১. প্রথম ধোঁকাবাজি: তারা দাবি করেন, অমুক বৈজ্ঞানিক তথ্যটি হাজার বছর আগের মানুষের জানা অসম্ভব ছিল এবং কেবল তাদের গ্রন্থেই তা প্রথম বলা হয়েছে। অথচ বাস্তবতা হলো—ঐতিহাসিক পর্যালোচনায় দেখা যায়, সেই তথ্যটি তৎকালীন প্রাচীন গ্রিক, মিসরীয় বা ব্যাবিলনীয় সভ্যতার মানুষ খালি চোখেই জানত এবং তা খুবই সাধারণ পর্যবেক্ষণলব্ধ জ্ঞান ছিল।

২. দ্বিতীয় ধোঁকাবাজি: তারা দাবি করেন, তাদের ধর্মগ্রন্থে অমুক জটিল বৈজ্ঞানিক সত্যটি নিখুঁতভাবে লেখা আছে। কিন্তু মূল গ্রন্থটি খুলে দেখলে দেখা যায়, সেখানে প্রকৃতপক্ষে ঐ রকম কোনো বৈজ্ঞানিক কথাই বলা নেই; বরং রূপক বা পৌরাণিক কোনো বাক্যকে জোরজবরদস্তি টেনেহিঁচড়ে বিজ্ঞানের সাথে মেলানো হয়েছে।

আপনি যদি যেকোনো ধর্মগ্রন্থ বা প্রাচীন কোন গ্রন্থ থেকে আধুনিক বিজ্ঞান, রকেট সায়েন্স কিংবা অলৌকিক সংখ্যাতত্ত্ব বের করতে চান, তবে আপনাকে মূলত নিচের ৫টি মাস্টার কৌশল প্রয়োগ করতে হবে:

Table of Contents

১. চেরি পিকিং বা সুবিধাজনক তথ্য গ্রহণ (Cherry Picking)—কুরআনে বৈজ্ঞানিক মিরাকল

এই কৌশলের মূল কথা হলো—ধর্মগ্রন্থে বা বিজ্ঞানে আপনার দাবির পক্ষে যেটুকু যাবে, কেবল সেটুকুই গ্রহণ করা। আর যা আপনার দাবির বিরুদ্ধে যাবে, তা সম্পূর্ণ চেপে যাওয়া বা এড়িয়ে যাওয়া।

১.১ কুরআনে বিগ ব্যাং-এর দাবি

সূরা আল-আনবিয়ার ৩০ নম্বর আয়াত (“মহাবিশ্ব ও পৃথিবী যুক্ত ছিল, আমি পৃথক করলাম”) তুলে ধরে দাবি করা হয় এটি বিজ্ঞানের ‘Big Bang’-এর তথ্য। কিন্তু প্রথমত, বিজ্ঞান কখনোই বলে না যে “মহাবিশ্ব ও পৃথিবী একসাথে যুক্ত ছিল”। বিগ ব্যাং-এর সময় পৃথিবীর কোনো অস্তিত্বই ছিল না; বিগ ব্যাং-এর প্রায় ৯০০ কোটি বছর পর মহাজাগতিক ধূলিকণা ঘনীভূত হয়ে পৃথিবীর জন্ম হয়। প্রকৃতপক্ষে, আকাশ ও পৃথিবী যুক্ত থাকা এবং পরে তাদের আলাদা করার এই ধারণাটি অতি প্রাচীন মিশরীয় ও ব্যাবেলোনীয় পৌরাণিক উপকথা (যেমন: মিশরীয় দেবতা ‘শু’ কর্তৃক আকাশ দেবী ‘নুত’ এবং পৃথিবী দেবতা ‘গেব’-কে পৃথক করা)।

দ্বিতীয়ত, বিজ্ঞান বলে আগে মহাবিশ্ব ও নক্ষত্রপুঞ্জ সৃষ্টি হয়েছে, তার শত শত কোটি বছর পর পৃথিবী। অথচ কুরআনের কালক্রম অনুযায়ী (সূরা ফুসসিলাত: ৯-১২) আগে পৃথিবী ও পর্বতমালা তৈরি করা হয়েছে, আর তখন আকাশ ছিল ‘ধোঁয়া’। পরে মাত্র ২ দিনে সপ্তাকাশ বানানো হয়। প্রাচীন পৌরাণিক ধারণাকে ‘বিগ ব্যাং’ বলে চালিয়ে দেওয়া এবং এই বিশাল কালানুক্রমিক বৈজ্ঞানিক ভুলগুলোকে চেপে যাওয়াই হলো চেরি পিকিং।
  
চেরি পিকিং এর আরও একটি উদাহরণ দেখলে এবিষয়ে আপনারা আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন।

কুরআনে মৌমাছির ক্রোমোজোম:

সূরা আন-নাহলের নম্বর ১৬ এবং পুরুষ মৌমাছির ক্রোমোজোম সংখ্যাও ১৬ বলে একে মিরাকল দাবি করা হয়। অথচ রানী ও কর্মী মৌমাছির ক্রোমোজোম সংখ্যা ৩২। অ্যাপোলজিস্টরা রানী বা কর্মীর ৩২ সংখ্যাটি চেপে গিয়ে কেবল পুরুষ মৌমাছির ১৬ সংখ্যাটি বেছে নেন, যাতে সূরার ১৬ নম্বরের সাথে মেলানো যায়।

 ১.২ বাইবেলে বিগ ব্যাং-এর দাবি

​ বাইবেলে বলা হয়েছে—“ঈশ্বর বললেন, আলো হোক, আর আলো হয়ে গেল” (Genesis 1:3)। খ্রিষ্টান অ্যাপোলজিস্টরা দাবি করেন, এটি বিজ্ঞানের Big Bang এবং মহাবিশ্বের শুরুর বিকিরণের (CMBR)-এর নিখুঁত বৈজ্ঞানিক প্রমাণ! কারণ বিগ ব্যাং-এর শুরুতে আলো ছিল। কিন্তু তারা ঠিক পরের বাক্যগুলো (Genesis 1:14-19) এড়িয়ে যান, যেখানে বলা হয়েছে সূর্য, চন্দ্র ও নক্ষত্রসমূহ তৈরি হয়েছে সৃষ্টির ৪র্থ দিনে! অথচ সূর্য বা নক্ষত্র ছাড়া দিনে আলোর কোনো বৈজ্ঞানিক অস্তিত্বই সম্ভব নয়। সূর্য সৃষ্টির ৩ দিন আগেই আলো থাকার মতো চরম বৈজ্ঞানিক অসঙ্গতি চেপে গিয়ে তারা কেবল প্রথম আলোর বাক্যটিকে চেরি পিক করে বিজ্ঞান বানাতে চান।

১.৩ বেদে বিগ ব্যাং ও সিঙ্গুলারিটি-এর দাবি

ঋগ্বেদের (১০.১২১.১) ‘হিরণ্যগর্ভ সূক্ত’-এ বলা হয়েছে, সৃষ্টির শুরুতে একটি “সোনালী ডিম্ব বা গর্ভ” ছিল, যা প্রস্ফুটিত হয়ে মহাবিশ্ব সৃষ্টি করেছে। হিন্দু অ্যাপোলজিস্টরা দাবি করেন, এটি বিজ্ঞানের Big Bang Theory এবং Singularity (একক বিন্দু)-এর বৈজ্ঞানিক প্রমাণ! কিন্তু তারা একই সূক্তের বাকি অংশ চেপে যান, যেখানে বলা হয়েছে সেই সোনালী ডিম্ব থেকে প্রজা পতি (স্রষ্টা) জন্ম নেন এবং তিনি জলকে ধারণ করে পৃথিবীকে সমতল করে স্থাপন করেন। ডিম্ব থেকে সমতল পৃথিবী সৃষ্টির এই পৌরাণিক গল্প চেপে গিয়ে তারা কেবল “প্রারম্ভিক বিন্দুর” ধারণাটিকে চেরি পিক করেন।

২. ইসেজেসিস (Eisegesis) বা জোরপূর্বক শব্দের অর্থ সম্প্রসারণ

ইসেজেসিস (Eisegesis) হলো প্রাচীন ধর্মগ্রন্থ বা যেকোনো লেখার মূল অর্থ বাদ দিয়ে সেটির ভেতর পাঠক বা ব্যাখ্যাকারীর নিজস্ব মনগড়া বৈজ্ঞানিক ধারণা জোর করে চাপিয়ে দেওয়ার একটি পরিচিত অপকৌশল। প্রাচীন ভাষার একটি শব্দের একাধিক রূপক বা আলংকারিক অর্থ থাকতে পারে; অ্যাপোলজিস্টরা এই কৌশলে শব্দটির আদি ব্যাকরণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পূর্ণ চেপে যান এবং সেটির ভেতর আধুনিক চিকিৎসাবিজ্ঞান বা পদার্থবিজ্ঞানের জটিল কোনো টার্ম জোরজবরদস্তি বসিয়ে দিয়ে সেটিকে “বৈজ্ঞানিক মিরাকল” হিসেবে উপস্থাপন করেন।

২.১ কুরআনে ভ্রূণতত্ত্ব

কুরআনে গর্ভস্থ ভ্রূণকে বোঝাতে ‘আলাকা’ (عَلَقَة) শব্দ ব্যবহার করা হয়েছে, যার ঐতিহাসিক ও শাব্দিক অর্থ “জমাট রক্ত” বা রক্তপিণ্ড। কিন্তু আধুনিক চিকিৎসাবিজ্ঞানে রক্তপিণ্ডের কোনো অস্তিত্ব নেই। তাই অ্যাপোলজিস্টরা ঐতিহ্যবাহী অনুবাদ বাদ দিয়ে শব্দটিকে ঘুরিয়ে “জোঁকের মতো ঝুলে থাকা বস্তু” অনুবাদ করা শুরু করেছেন, যাতে তা দেখতে আধুনিক ভ্রূণের আকৃতির সাথে মেলে এবং কুরআনে বৈজ্ঞানিক মিরাকল বলে দাবি করা যায়।

২.২ বাইবেলে ভ্রূণতত্ত্ব

বাইবেলের সামস বা সঙ্গীত সংহিতায় (Psalm 139:13-16) বলা হয়েছে, “তুমি আমার অঙ্গপ্রত্যঙ্গ গঠন করেছ, মাতাগর্ভে আমাকে বুনেছ… আমার অগঠিত পিণ্ডও তোমার চোখ দেখেছে”। হিব্রু শব্দ ‘গোলমি’ (Golmi)-এর প্রাচীন অর্থ ছিল অগঠিত উপাদান। কিন্তু খ্রিষ্টান অ্যাপোলজিস্টরা দাবি করেন, প্রাচীন হিব্রু ‘গোলমি’ শব্দটি বস্তুত আধুনিক চিকিৎসাবিজ্ঞানের Unformed Embryo (অগঠিত ভ্রূণ) ও জীনগত ব্লুপ্রিন্টকে নির্দেশ করে! যা হাজার বছর আগে কোনো মানুষের পক্ষে বোঝা অসম্ভব ছিল।

২.৩ বেদে ভ্রূণতত্ত্ব

সামবেদ ও ঋগ্বেদে গর্ভস্থ ভ্রূণের অবস্থানকে বোঝাতে ‘গর্ভ’ ও ‘কলল’ শব্দ ব্যবহার করা হয়েছে। বৈদিক অ্যাপোলজিস্টরা দাবি করেন, সংস্কৃত ‘কলল’ শব্দটি সাধারণ কোনো কোষ বা পিণ্ড নয়, এটি মূলত আধুনিক বায়োলজির Zygote (জাইগোট) এবং Blastocyst-এর বৈজ্ঞানিক বিবরণ!

৩. টেক্সাস শার্পশুটার ফ্যালাসি ও সংখ্যাতাত্ত্বিক কারসাজি (Numerology):

টেক্সাস শার্পশুটার ফ্যালাসি (Texas sharpshooter fallacy) হলো যুক্তিবিজ্ঞানের একটি কুখ্যাত অপকৌশল, যেখানে বিপুল পরিমাণ এলোমেলো তথ্যের মধ্য থেকে কেবল নিজের সুবিধাজনক প্যাটার্ন বা মিলগুলোকে বেছে নিয়ে সেটিকে অলৌকিক প্রমাণ দাবি করা হয়। এই নামটির পেছনে একটি মজার গল্প রয়েছে: টেক্সাসের এক বন্দুকধারী ফাঁকা দেওয়ালে এলোপাতাড়ি এক ঝাঁক গুলি ছোঁড়ার পর, দেওয়ালে যেখানে সবচেয়ে বেশি গুলি লেগেছিল ঠিক তার চারপাশে একটি লাল বৃত্ত এঁকে নিজেকে নিখুঁত শুটার হিসেবে দাবি করেছিল! সংখ্যাতাত্ত্বিক কারসাজিতে অ্যাপোলজিস্টরা ঠিক একই কাজ করেন। এখানে গণনার আগে কোনো নির্দিষ্ট বা নিরপেক্ষ নিয়ম থাকে না; বরং নিজেদের সুবিধামতো শব্দ, বর্ণ, অধ্যায় কিংবা আয়াতের সংখ্যাকে এদিক-সেদিক করে গুণ-ভাগ চালিয়ে একটি কৃত্রিম গাণিতিক মিল বানিয়ে সেটিকে “গাণিতিক মিরাকল” হিসেবে চালিয়ে দেওয়া হয়।

৩.১ কুরআনে গাণিতিক মিরাকল

‘দুনিয়া’ ও ‘আখেরাত’ শব্দ দুটি কুরআনে সমান ১১৫ বার এসেছে বলে দাবি করা হয়। কিন্তু গণনার সময় কোন কোন ব্যাকরণগত রূপ গ্রহণ করা হবে আর কোনটা বাদ যাবে, তার কোনো নির্দিষ্ট নিয়ম থাকে না। অ্যাপোলজিস্টরা হিসাব মেলাতে ইচ্ছামতো শব্দ বাদ বা যোগ করেন।

৩.২ বাইবেলে গাণিতিক মিরাকল

খ্রিষ্টান গবেষক ইভান প্যানিন (Ivan Panin) ও পরবর্তীতে মাইকেল দ্রোসনিন বাইবেলে ‘বাইবেল কোড’ (Bible Code) আবিষ্কার করেন। তারা দেখান যে হিব্রু ওল্ড টেস্টামেন্টে ৭ সংখ্যাটি অবিশ্বাস্যভাবে কোড করা আছে! জেনেসিসের প্রথম বাক্যে ঠিক ৭টি হিব্রু শব্দ আছে, ব্যাকরণগত অক্ষর সংখ্যা ২৮টি (৭×৪), এবং গুরুত্বপূর্ণ শব্দগুলোর মোট মান ৭ দিয়ে বিভাজ্য। তারা দাবি করেন, পুরো বাইবেল জুড়ে এই ‘৭’-এর গাণিতিক অলৌকিকতা ছড়ানো, যা মানুষের পক্ষে ডিজাইন করা অসম্ভব।

৩.৩ বেদে গাণিতিক মিরাকল

ঋগ্বেদের (১.৫০.৫০) বৈদিক ছন্দ ও অক্ষরের সংখ্যা গণনার পর একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করে হিন্দু অ্যাপোলজিস্টরা দাবি করেন, বেদে আলোর গতি (Speed of Light) বলা আছে ঠিক ১৮৬,৪০০ মাইল/সেকেন্ড! অথচ এই অক্ষরের সংখ্যা ও গুণের পদ্ধতির সাথে ব্যাকরণের কোনো সম্পর্ক নেই, কেবল চূড়ান্ত মান মিলাতেই এটি করা হয়েছে।

৪. প্রাচীন পর্যবেক্ষণকে আধুনিক বিজ্ঞানের আবিষ্কার বলে দাবি করা (Anachronism & False Cause Fallacy)

প্রাচীনকালের সাধারণ অভিজ্ঞতালব্ধ পর্যবেক্ষণকে বহু বছর পরের আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানের আবিষ্কার হিসেবে চালিয়ে দেওয়াকে যুক্তিবিজ্ঞানের ভাষায় ‘অ্যানাক্রোনিজম’ (Anachronism) বা ইতিহাস-অসঙ্গতি বলা হয়। হাজার বছর আগের মানুষ খালি চোখে প্রকৃতি দেখে যা সহজেই বুঝতে পারত, সেই অতি সাধারণ জ্ঞানকে অ্যাপোলজিস্টরা যখন অণুবীক্ষণ যন্ত্র বা মহাকাশ গবেষণার জটিল আবিষ্কার বলে দাবি করেন, তখন এটি ‘ফলস কজ’ (False Cause) ফ্যালাসিতে রূপ নেয়।

৪.১ সূর্য ও চাঁদের কক্ষপথ সম্পর্কে কুরআন দাবি

কুরআনের সূরা আল-আন্বিয়া (৩৩) ও সূরা ইয়াসিনে (৩৮-৪০) বলা হয়েছে সূর্য ও চাঁদ “নিজ নিজ কক্ষপথে বিচরণ বা সাঁতার কাটে”। এখানে ব্যবহৃত আরবি শব্দ ‘যাসবাহুন’ (يَسْبَحُونَ)-এর মূল অর্থ ছিল “সাঁতার কাটা”, যা প্রাচীন অনুবাদক গিরীশচন্দ্র সেনের অনুবাদেও স্পষ্ট ছিল; অথচ আধুনিক অ্যাপোলজিস্টরা একে বৈজ্ঞানিক রূপ দিতে “কক্ষপথে পরিভ্রমণ” হিসেবে বঙ্গানুবাদ করেন। প্রকৃতপক্ষে, খোলা আকাশের নিচে দাঁড়ানো একজন মরুভূমির মানুষের পক্ষেও খালি চোখে সূর্য ও চাঁদকে প্রতিদিন নির্দিষ্ট পথ ধরে ভেসে বা সাঁতার কেটে পূর্ব থেকে পশ্চিমে যেতে দেখা অতি স্বাভাবিক এক অভিজ্ঞতা। এই সাধারণ দৃশ্যমান অভিজ্ঞতা প্রকাশের জন্য কোনো দূরবীক্ষণ যন্ত্র বা অলৌকিক ওহীর প্রয়োজন ছিল না।

তাছাড়া, ইসলামের আবির্ভাবের বহু আগেই গ্রিক বিজ্ঞানী এরিস্টটল ও টলেমির “ভূ-কেন্দ্রিক মডেল” (Geocentric Model)-এর মাধ্যমে সূর্য ও মহাজাগতিক পিন্ডের বৃত্তাকার গতিপথের ধারণা মধ্যপ্রাচ্যে প্রচলিত ছিল। আয়াতে মূলত পৃথিবী থেকে দৃশ্যমান সাধারণ অভিজ্ঞতারই প্রতিফলন ঘটেছে, যেখানে সূর্য ও চাঁদকে একইভাবে গতিশীল দেখানো হলেও পৃথিবীর নিজস্ব গতির কোনো উল্লেখ নেই। চাঁদ ঘোরে পৃথিবীর চারপাশে আর সূর্য ঘোরে গ্যালাক্সির কেন্দ্রে—বিজ্ঞানের এই দুই ভিন্ন গতিকে একই পাল্লায় মেপে দিন-রাত্রির কারণ হিসেবে দেখানো মূলত একজন ভূপৃষ্ঠের দর্শকের খালি চোখের সহজ পর্যবেক্ষণ মাত্র, কোনো জটিল আধুনিক বিজ্ঞান নয়।এমন সাধারণ তথ্যকে কুরআনে বৈজ্ঞানিক মিরাকল মনে করা অজ্ঞতা এবং নির্বুদ্ধিতার প্রকাশ।

৪.২ গ্র্যাভিটি ও গোলাকার পৃথিবী সম্পর্কে বাইবেলের দাবি

​বাইবেলের আইজায়া (৪০:২২) অনুচ্ছেদে বলা হয়েছে—ঈশ্বর “পৃথিবীর বৃত্তের ওপর উপবিষ্ট” এবং জব (২৬:৭) অনুচ্ছেদে বলা হয়েছে—তিনি “শূন্যের ওপর পৃথিবীকে ঝুলিয়ে রাখেন”। খ্রিস্টান ব্যাখ্যায়ক বা অ্যাপোলজিস্টরা বুক ফুলিয়ে দাবি করেন, প্রাচীনকালে মানুষ যখন ভাবত পৃথিবী কোনো বিশালাকার হাতির পিঠে কিংবা কচ্ছপের ওপর দাঁড়িয়ে আছে, তখন বাইবেল নাকি আধুনিক বিজ্ঞানের ‘মাধ্যাকর্ষণ বল’ (Gravity) এবং পৃথিবীর ‘গোলাকার’ আকৃতির নিখুঁত বৈজ্ঞানিক তথ্য দিয়ে দিয়েছিল!

তবে একটু খতিয়ে দেখলেই বোঝা যায়, এটিও মূলত ‘অ্যানাক্রোনিজম’ (ইতিহাস-অসঙ্গতি) এবং ‘ফলস কজ’ ফ্যালাসির একটি স্পষ্ট উদাহরণ।

প্রথমত, আয়াতে ‘বৃত্ত’ বোঝাতে মূল হিব্রু শব্দ ব্যবহার করা হয়েছে ‘খুগ’ (חוּג)। প্রাচীন হিব্রু ভাষায় এই শব্দটি দিয়ে থালার মতো সমতল কোনো দ্বিমাত্রিক ‘বৃত্ত’ (Circle) বোঝানো হতো, আধুনিক বিজ্ঞানের মতো কোনো ত্রিমাত্রিক ‘গোলক’ বা স্পেয়ার (Sphere) নয়। প্রাচীনকালে খোলা প্রান্তরে দাঁড়িয়ে চারদিকে তাকালে দিগন্তরেখাকে একটি গোলাকার থালার মতো মনে হওয়াই ছিল মানুষের খুব স্বাভাবিক অভিজ্ঞতা।

দ্বিতীয়ত, প্রাচীন মানুষের কাছে মনে হতো আকাশ একটি বিশাল গম্বুজ বা ছাদের মতো, আর পৃথিবী নিচে কোনো অদৃশ্য শূন্যতায় ঝুলে আছে। রাতের আকাশে তারা ও চাঁদকে ভেসে থাকতে দেখে পৃথিবীর অবস্থান সম্পর্কে এমন কাব্যিক ধারণা প্রকাশ করা তৎকালীন সাহিত্যের একটি সাধারণ রূপক মাত্র।

এখানে নিউটনের আবিষ্কৃত কোনো মাধ্যাকর্ষণ শক্তি, মহাকাশবিজ্ঞান কিংবা সূর্যকেন্দ্রিক কক্ষপথের দূরতম ইঙ্গিতও নেই। হাজার বছর আগের সাধারণ মানুষের এই থালার মতো চ্যাপ্টা পর্যবেক্ষণ ও কাব্যিক রূপককে জোর করে টেনে এনে আধুনিক বিজ্ঞানের ‘গ্র্যাভিটি’ বা ‘মহাকাশ গবেষণা’ বলে চালিয়ে দেওয়া মূলত প্রাচীন ইতিহাস ও বিজ্ঞান উভয়েরই একটি চরম বিকৃতি।

৪.৩ শালোকসংশ্লেষণ সম্পর্কে বেদ

সামবেদ ও ঋগ্বেদে বলা হয়েছে সূর্য তার নিজস্ব আলো দিয়ে চাঁদ ও পৃথিবীকে আলোকিত করে এবং চারাগাছ সূর্যের আলোতে বৃদ্ধি পায়। হিন্দু অ্যাপোলজিস্টরা একে উদ্ভিদের “শালোকসংশ্লেষণ” (Photosynthesis) এবং মহাকাশবিজ্ঞানের অলৌকিক আবিষ্কার বলে দাবি করেন, যা মূলত প্রাচীন কৃষিজীবী সভ্যতার সহজ পর্যবেক্ষণ মাত্র।

৫. দ্বিমুখী মানদণ্ড বা ফলস ইকুইভ্যালেন্স (Double Standards & Special Pleading)

ধর্মগ্রন্থে যখন অস্পষ্ট, আলংকারিক বা কবিসুলভ কোনো কথা যদি বৈজ্ঞানিক কোন তথ্যের সাথে সামান্যতম মিলে যায়, তখন অ্যাপোলজিস্টরা সেটিকে “কুরআনে বৈজ্ঞানিক মিরাকল” বলে ফলাও করে প্রচার করেন। কিন্তু যখনই একই ধর্মগ্রন্থে স্পষ্ট কোনো বিজ্ঞানবিরোধী তথ্য বা ঐতিহাসিক ভুল ধরা পড়ে, তখনই তাদের সুর রাতারাতি বদলে যায়। তখন দাবি করা হয়—”ওটা তো রূপক অর্থে বলা হয়েছে”, “ওটা অলংকারিক ভাষা”, কিংবা “বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তনশীল, তাই বিজ্ঞানের সাথে ধর্মগ্রন্থ মেলানো ঠিক নয়”। সুবিধাজনক জায়গায় বিজ্ঞানকে সত্য প্রমাণের ঢাল বানানো এবং অসুবিধা হলেই সেই বিজ্ঞানকেই খারিজ করে দেওয়া—এই দ্বিমুখী নীতিই হলো অ্যাপোলজিস্টদের অন্যতম প্রধান কৌশল।

৫.১ কুরআন: অস্পষ্ট আয়াতের বৈজ্ঞানিক রূপদান ও স্পষ্ট ভুলের ক্ষেত্রে রূপকের আশ্রয়

সূরা জারিয়াতের ৪৭ নম্বর আয়াতে বলা হয়েছে, “আমি নিজ হাত (বা শক্তিতে) আকাশ নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমি একে প্রশস্তকারী।” (আরবি শব্দ: ‘মুসিউন’ – مُوسِعُونَ)। আয়াতের প্রকৃত প্রেক্ষাপট হলো আল্লাহর ক্ষমতা, আকাশের বিশালতা এবং জীবিকার প্রাচুর্য বোঝানো; এতে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের স্পেস বা মহাবিশ্ব নিজেই প্রসারিত হওয়ার (Expanding Universe) কোনো উল্লেখ ছিল না। অথচ ইসলামিক অ্যাপোলজিস্টরা প্রাচীন কাব্যানুভূতির এই অস্পষ্ট ও সাধারণ কথাটিকে টেনে-হিঁচড়ে বিজ্ঞানের জটিল ‘সম্প্রসারণশীল মহাবিশ্ব’ তত্ত্ব বানিয়ে অলৌকিক দাবি করেন।

কিন্তু যখনই সূরা কাহাফে (১৮:৮৬) “সূর্য পঙ্কিল জলাশয়ে অস্ত যায়” , কিংবা সূরা তারিক-এ (৮৬:৬-৭) মানুষের নিঃসৃত তরল বা বীর্যকে “পাঁজরের হাড় ও মেরুদণ্ডের মাঝখান থেকে নির্গত” হওয়ার কথা বলা হয়—যা অ্যানাটমি ও চিকিৎসাবিজ্ঞানের সম্পূর্ণ বিপরীত—তখনই তাদের ব্যাখ্যা বদলে যায়। বিজ্ঞানবিরোধী এই স্পষ্ট ভুলগুলোর মুখোমুখি হলে অ্যাপোলজিস্টরা দাবি করেন এগুলো নাকি কেবলই “কাব্যিক রূপক”, কিংবা “তৎকালীন মানুষের বোঝার সুবিধার্থে বলা কথা”।

৫.২ বাইবেল: সৃষ্টিতত্ত্বের জয়গান ও বিজ্ঞানবিরোধী তথ্যে দ্বিমুখী নীতি

বাইবেলের আদিপুস্তকে (Genesis) আলোর সৃষ্টি কিংবা নক্ষত্রের উপস্থিতি সংক্রান্ত কাব্যিক কথাগুলোকে খ্রিস্টান অ্যাপোলজিস্টরা বিজ্ঞানের ‘বিগ ব্যাং’ বা ‘কসমোলজি’-র সাথে মিলিয়ে অলৌকিক বলে দাবি করেন। তবে বাইবেলের বুক অব জশুয়ায় (Joshua 10:12-13) যখন বলা হয় সূর্য পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে হঠাৎ এক জায়গায় থেমে গিয়েছিল, কিংবা বুক অব লেভিটিকাসে (Leviticus 11:19) স্তন্যপায়ী প্রাণী বাদুড়কে স্পষ্ট ভাষায় ‘পাখি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়—তখন বিজ্ঞানকে দূরে সরিয়ে রাখা হয়। জীববিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের এই সরাসরি ভুলগুলো প্রশ্নবিদ্ধ হলে খ্রিস্টান অ্যাপোলজিস্টরা অযুহাত দেন যে এগুলো বাইবেলের বৈজ্ঞানিক ভুল নয়, বরং প্রাচীন মানুষের বুঝ বোঝার উপযোগী সাধারণ ‘আলংকারিক ভাষা’।

৫.৩ বেদ: বৈদিক সৃষ্টির সাথে বিজ্ঞান মেলানো ও আক্ষরিক ভুলের আধ্যাত্মিকীকরণ

হিন্দু অ্যাপোলজিস্টরা ঋগ্বেদের ‘হিরণ্যগর্ভ সূক্ত’ বা বিভিন্ন সৃষ্টিতত্ত্বের আয়াতে মহাবিশ্ব সৃষ্টির বৈজ্ঞানিক সূত্র খুঁজে পান এবং দাবি করেন যে বেদেই প্রথম বিজ্ঞান লেখা হয়েছিল। কিন্তু একই ঋগ্বেদে যখন পৃথিবীকে একটি স্থির, অচলাচল সমতল বস্তু হিসেবে বর্ণনা করা হয় এবং সূর্য সাতটি ঘোড়ায় টানা রথে চড়ে পৃথিবীর চারপাশে ভ্রমণ করে বলে আক্ষরিক অর্থ দেওয়া হয়, তখন সেই বিজ্ঞানভিত্তিক দাবিগুলো উধাও হয়ে যায়। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক এসব প্রাচীন রূপকথাকে অ্যাপোলজিস্টরা তখন “আধ্যাত্মিক রূপক” বা “গভীর দার্শনিক প্রতীক” আখ্যা দিয়ে বৈজ্ঞানিক ভুলের দায় থেকে বের হয়ে আসার চেষ্টা করেন।

শেষ কথা

যে কৌশল ব্যবহার করে কুরআনে বৈজ্ঞানিক মিরাকল বের করার দাবি করা হয়, ঠিক একই কৌশল প্রয়োগ করে বাইবেল, বেদ কিংবা যেকোনো প্রাচীন প্রাচীনগ্রন্থ থেকেই আরও অনেক শক্তিশালী ও চমকপ্রদ “মিরাকল” বের করা সম্ভব। কারণ এই সমস্ত অলৌকিক দাবিগুলো আসলে কোনো গ্রন্থের বিশেষ ঐশ্বরিক ক্ষমতার একক প্রমাণ নয়; বরং এগুলো হলো অ্যাপোলজিস্টদের কুযুক্তি, চেরি পিকিং এবং ভাষার নানাবিধ মারপ্যাঁচ।

মূলত বিজ্ঞান কোনো ধর্মগ্রন্থের পাতার ভেতর আটকে থাকা অস্পষ্ট বা রহস্যময় কোনো রূপক কথা নয়; বিজ্ঞান হলো যুক্তি, পর্যবেক্ষণ এবং গবেষণাগারের পরীক্ষার ভিত্তিতে গড়ে ওঠা নিত্য পরিবর্তনশীল একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। সুতরাং, প্রাচীন কাব্যিক সাহিত্য কিংবা সাধারণ মানবিক পর্যবেক্ষণকে জোরপূর্বক আধুনিক বিজ্ঞানের ফ্রেমে বাঁধার এই অপচেষ্টা কোনো ধর্মের মর্যাদা বাড়ায় না, বরং তা সচেতন ও মুক্তচিন্তার মানুষের কাছে শুধুই হাস্যকর হয়ে দাঁড়ায়।

কুরআনে বৈজ্ঞানিক মিরাকল প্রমাণের প্রধান ৫টি কৌশল কী কী?

যেকোনো ধর্মগ্রন্থ বা প্রাচীন পাঠ্য থেকে বৈজ্ঞানিক মিরাকল বের করার জন্য অ্যাপোলজিস্টরা মূলত ৫টি যুক্তিভিত্তিক অপকৌশল ব্যবহার করে থাকেন: ১. চেরি পিকিং (Cherry Picking): বিজ্ঞানের সাথে যেটুকু মেলে কেবল সেটুকুই গ্রহণ করা এবং বৈজ্ঞানিক ভুলগুলোকে সম্পূর্ণ চেপে যাওয়া। ২. ইসেজেসিস (Eisegesis): প্রাচীন শব্দের মূল ব্যাকরণ ও ঐতিহাসিক অর্থ বাদ দিয়ে জোর করে আধুনিক বিজ্ঞানের টার্ম বসিয়ে দেওয়া। ৩. টেক্সাস শার্পশুটার ফ্যালাসি ও নিউমারোলজি: নির্দিষ্ট কোনো গাণিতিক নিয়ম ছাড়া নিজের সুবিধার মতো হিসাব মিলিয়ে “গাণিতিক মিরাকল” দাবি করা। ৪. অ্যানাক্রোনিজম (Anachronism): খালি চোখে দেখা প্রাচীন মানুষের অতি সাধারণ পর্যবেক্ষণকে আধুনিক বিজ্ঞানের জটিল আবিষ্কার বলে চালিয়ে দেওয়া। ৫. দ্বিমুখী মানদণ্ড (Double Standards): অস্পষ্ট আয়াতকে জোর করে বিজ্ঞান বানানো, কিন্তু স্পষ্ট বৈজ্ঞানিক ভুলের ক্ষেত্রে “কাব্যিক রূপক” বলে এড়িয়ে যাওয়া।

ধর্মগ্রন্থে বৈজ্ঞানিক মিরাকল খোঁজার মূল সমস্যাটি কোথায়?

ধর্মগ্রন্থগুলোর প্রাথমিক উদ্দেশ্য ছিল নৈতিক, আধ্যাত্মিক বা তৎকালীন সামাজিক দিকনির্দেশনা দেওয়া, আধুনিক বিজ্ঞান চর্চা করা নয়। প্রাচীন ভাষার অস্পষ্ট বা কাব্যিক রূপককে জোর করে আধুনিক বিজ্ঞানের জটিল আবিস্কারের সাথে মেলানো (ইসেজেসিস) এবং অসঙ্গতিগুলো লুকিয়ে কেবল পছন্দের অংশগুলো গ্রহণ করার (চেরি পিকিং) কারণেই এই দাবিগুলো সাময়িকভাবে চমকপ্রদ মনে হলেও যৌক্তিক বিচারে টিকতে পারে না।

কুরআনের বৈজ্ঞানিক দাবিগুলোর বস্তুনিষ্ঠ খণ্ডন বা বিস্তারিত বিশ্লেষণ কীভাবে পাওয়া যাবে?

কুরআনের বৈজ্ঞানিক দাবিগুলোর নিরপেক্ষ, ইতিহাসভিত্তিক ও তথ্যভিত্তিক নিরপেক্ষ বিশ্লেষণ পেতে আপনি আমাদের ওয়েবসাইটের কুরআনে বিজ্ঞান সেকশনটি ভিজিট করতে পারেন। সেখানে কুরআনের প্রতিটি নির্দিষ্ট বৈজ্ঞানিক দাবির আলাদা ও বিস্তারিত খণ্ডন দেওয়া রয়েছে।

Related Posts

স্রষ্টা কি রাগেন বা খুশি হন? মানুষের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা সৃষ্টিকর্তার উপর চাপিয়ে দেয়া কতটা যৌক্তিক?

মানুষ সাধারণত তার নিজের রূপ, অনুভূতি, কল্পনা এবং সীমাবদ্ধতা দিয়েই সবকিছুকে ব্যাখ্যা করতে চায়। এই বিশেষ মনস্তাত্ত্বিক প্রবণতাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যানথ্রোপোমরফিজম (Anthropomorphism) বা মানব রূপারোপবাদ। সহজ ভাষায়, মানবীয় আবেগ, আকৃতি বা চরিত্রকে কোনো অ-মানবীয় বস্তু বা পরম সত্তার ওপর জোর করে চাপিয়ে দেওয়ার প্রক্রিয়াই হলো অ্যানথ্রোপোমরফিজম। কার্টুনে পশুপাখির কথা বলা যেমন অ্যানথ্রোপোমরফিজম, ঠিক তেমনি ধর্মীয় সৃষ্টিতত্ত্ব ও ঈশ্বর ভাবনায় মানবীয় গুণাবলী আরোপ করা এর সবচেয়ে বড় উদাহরণ।…

Read more

মহাবিশ্বের উৎপত্তি: পরম কারণ নাকি প্রাকৃতিক নিয়ম?

যখনই প্রাণের উদ্ভব কীভাবে কোনো অলৌকিক ঈশ্বরের সাহায্য ছাড়াই রাসায়নিক নিয়মে ঘটেছে তা ব্যাখ্যা করা হয়, তখন ধার্মিকদের তোলা পরবর্তী এবং সর্বশেষ প্রচলিত প্রশ্নটি হয়: “তাহলে এই বিশাল মহাবিশ্ব কোথা থেকে এলো? শূন্য থেকে কি কোনো কিছু এমনি এমনি সৃষ্টি হতে পারে? কোনো না কোনো সৃষ্টিকর্তা বা প্রথম কারণ নিশ্চয়ই থাকতে হবে।” ধার্মিকদের এই আর্গুমেন্টটি দর্শনের ভাষায় ‘ক্যাল্যাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট’ বা কার্যকারণ তত্ত্ব এবং কন্টিনজেন্সি আর্গুমেন্ট নামে পরিচিত। প্রাচীন…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest

স্রষ্টা কি রাগেন বা খুশি হন? মানুষের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা সৃষ্টিকর্তার উপর চাপিয়ে দেয়া কতটা যৌক্তিক?

স্রষ্টা কি রাগেন বা খুশি হন? মানুষের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা সৃষ্টিকর্তার উপর চাপিয়ে দেয়া কতটা যৌক্তিক?

মহাবিশ্বের উৎপত্তি: পরম কারণ নাকি প্রাকৃতিক নিয়ম?

মহাবিশ্বের উৎপত্তি: পরম কারণ নাকি প্রাকৃতিক নিয়ম?

প্রাণের উদ্ভব: ঈশ্বর নাকি প্রাকৃতিক রাসায়নিক বিক্রিয়া?

​আল্লাহ কেন শিশুদের কষ্ট দেন: ধর্মীয় গোঁজামিলের যৌক্তিক খণ্ডন

​আল্লাহ কেন শিশুদের কষ্ট দেন: ধর্মীয় গোঁজামিলের যৌক্তিক খণ্ডন

নবী মুহাম্মদের গাছ বিদ্বেষ: অলৌকিক কাহিনীর অন্তরালে কুসংস্কার ও পরিবেশবিরোধী চেতনা

নবী মুহাম্মদের গাছ বিদ্বেষ: অলৌকিক কাহিনীর অন্তরালে কুসংস্কার ও পরিবেশবিরোধী চেতনা

ইসলামে নারীরা কি আসলেই পুরুষের চেয়ে বেশি সম্পত্তি পায়? ৫টি ভুল ধারণা ও খণ্ডন

ইসলামে নারীরা কি আসলেই পুরুষের চেয়ে বেশি সম্পত্তি পায়? ৫টি ভুল ধারণা ও খণ্ডন