সাধারণ মুসলিম কিংবা আধুনিক ইসলামিক অ্যাপোলজিস্টদের কাছে যখনই সূরা তাওবার ৫ নম্বর আয়াত—যা ইতিহাসে “আয়াতুস সাইফ” বা “তলোয়ারের আয়াত” নামে পরিচিত—তা নিয়ে প্রশ্ন তোলা হয়, তখনই তারা একটি তৈরি করা ও মুখস্থ বুলি আউড়ান। তারা সাফাই গেয়ে দাবি করেন, “এটি তো যুদ্ধের ময়দানে উত্তপ্ত পরিস্থিতিতে নাযিল হয়েছিল! যুদ্ধের ময়দানে শত্রু তো আর ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবে না, সেখানে তো শত্রুকে হত্যা করার নির্দেশই দেওয়া হবে!”
প্রথম দর্শনে এই যুক্তি শুনে যে কারো মনে হতে পারে—হ্যাঁ, যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে মারার নির্দেশ দেওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু ইসলামী ইতিহাসের দিনপঞ্জি, সহীহ হাদিস ও তাফসীর গ্রন্থগুলো পর্যালোচনা করলে অ্যাপোলজিস্টদের এই “যুদ্ধের ময়দানের নির্দেশ” দাবির পেছনের চরম জালিয়াতি ও সত্য গোপনের কৎসিত রূপটি উন্মোচিত হয়ে পড়ে।
যেকোনো সাধারণ বিবেকসম্পন্ন মানুষের মনেই কয়েকটি প্রাথমিক প্রশ্ন জাগা উচিত:
১. যে সাহাবীরা নবীর নেতৃত্বে ইতোমধ্যে ২৭টি বড় যুদ্ধ এবং ৫০টিরও বেশি সামরিক অভিযানে অংশ নিয়েছেন, তারা কি জানতেন না যে যুদ্ধের ময়দানে শত্রুকে হত্যা করতে হয়? যুদ্ধের ময়দানে শত্রুকে মারতে হয়—এই সাধারণ সামরিক জ্ঞান শেখানোর জন্য কি নবীর নবুওয়াতের প্রায় ২৩ বছর পর এসে নতুন করে ঐশ্বরিক ওহী নাযিল হওয়ার প্রয়োজন আছে? এর আগের এতোগুলা যুদ্ধে কি সাহাবিরা মুশরিকদের নির্দ্বিধায় কতল করেনি?
২. এই আয়াত নাযিলের সময় কি সত্যিই মক্কায় বা আরবে কোনো সক্রিয় যুদ্ধ চলছিল?
বাস্তবতা হলো, তৎকালীন সময়ে কোনো সক্রিয় যুদ্ধ তো দূর পরিচালনা হচ্ছিল না, বরং আরবে তখন সম্পূর্ণ শান্তি ও মুসলিমদের একক আধিপত্য বিরাজ করছিল। আসুন, বস্তুনিষ্ঠ তথ্য ও দলিলের আলোকে এই আয়াতের প্রকৃত ইতিহাস জেনে নিই।
১. সূরা তাওবার ৫ নম্বর আয়াত সংশ্লিষ্ট কুরআন ও হাদিসের টেক্সট
প্রথমে দেখে নেওয়া যাক সূরা তাওবাহ্-এর বহুল বিতর্কিত সেই ৫ নম্বর আয়াতটি:
“অতঃপর নিষিদ্ধ (পবিত্র) মাসগুলো যখন অতিবাহিত হয়ে যাবে, তখন মুশরিকদের যেখানেই পাবে হত্যা করবে, তাদের বন্দী করবে, তাদের অবরোধ করবে এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে ওত পেতে বসে থাকবে। তবে তারা যদি তাওবা করে (ইসলাম গ্রহণ করে), সালাত কায়েম করে ও যাকাত দেয়, তবে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।” (সূরা আত -তাওবাহ্: আয়াত ৫)
সূরা তাওবার ৫ নম্বর আয়াত সংশ্লিষ্ট সহিহ হাদিস
এই আয়াতের সমর্থনে সহীহ বুখারী ও সহীহ মুসলিমের সুপ্রসিদ্ধ হাদিস, যা এই আইনি চেতনার চূড়ান্ত ঘোষণা দেয়:
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: “আমি মানুষের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আদিষ্ট হয়েছি, যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, আর সালাত কায়েম করে ও যাকাত আদায় করে। যখন তারা তা করবে, তখন তারা আমার কাছ থেকে তাদের রক্ত ও ধনসম্পদ নিরাপদ করে নিল…” (সহীহ বুখারী: ২৫, সহীহ মুসলিম: ২২)
২. সূরা তাওবার ৫ নম্বর আয়াত: নাযিলের প্রকৃত প্রেক্ষাপট ও ঐতিহাসিক সময়কাল
অ্যাপোলজিস্টদের ‘যুদ্ধের ময়দানের অজুহাত’ ধূলিসাৎ হয়ে যায় তৎকালীন ঐতিহাসিক কালপঞ্জির দিকে তাকালেই:
নাযিলের সময়কাল: সূরা তাওবাহ্ নাযিল হয় ৯ম হিজরিতে (খ্রিষ্টাব্দ ৬৩১)। এটি কুরআনের অন্যতম সর্বশেষ নাযিল হওয়া সূরা।
মক্কা বিজয় ও তাবুক অভিযানের পর: ৯ম হিজরির আগেই ৮ম হিজরিতে মক্কা বিজয়ের মাধ্যমে কুরাইশদের রাজনৈতিক ও সামরিক ক্ষমতা পুরোপুরি চুরমার হয়ে গিয়েছিল। এমনকি ৯ম হিজরির রজব মাসে তাবুক অভিযান শেষ হওয়ার পর সমগ্র আরব উপদ্বীপে মুসলিমদের একক সামরিক আধিপত্য প্রতিষ্ঠিত হয়।
যুদ্ধের অনুপস্থিতি: ৯ম হিজরির জিলহজ মাসে যখন নবী হযরত আবূ বকর (রা:) ও হযরত আলী (রা:)-কে দিয়ে মীনায় হজের সমবেত জনতার সামনে এই নির্দেশ পাঠ করান, তখন সমগ্র আরবে কোনো সক্রিয় যুদ্ধ চলছিল না। কোনো বিজাতীয় সৈন্যবাহিনী আক্রমণ করেনি, কোনো রণাঙ্গনে তরবারি চলছিল না।
তাহলে সূরা তাওবার ৫ নম্বর আয়াতের নির্দেশটি মূলত কী ছিল?
এটি ছিল একটি চরম আল্টিমেটাম। আরবের যেসব অমুসলিম বা মুশরিকদের সাথে পূর্বে বিভিন্ন মেয়াদের চুক্তি ছিল বা ছিল না—তাদের সবাইকে চার মাসের সময় বেঁধে দেওয়া হয়। বার্তাটি ছিল স্পষ্ট: চার মাসের মধ্যে হয় তোমাদের ইসলাম গ্রহণ করতে হবে, নতুবা এই ভূখণ্ড ছেড়ে পালিয়ে যেতে হবে। আর তা না করলে চার মাস পর যেখানেই পাওয়া যাবে, সেখানে মাথা কেটে ফেলা হবে বা বন্দী করা হবে। বেঁচে থাকার আর কোনো তৃতীয় পথ (যেমন জিজিয়া কর দিয়ে অমুসলিম হিসেবে থাকা) এই আয়াতের মাধ্যমে আরবের মুশরিকদের জন্য অবশিষ্ট রাখা হয়নি।
৩. অ্যাপোলজিস্টদের বহুল প্রচলিত গোঁজামিলসমূহ ও সেগুলোর খণ্ডন
সমালোচনার মুখোমুখি হলে ইসলামী অ্যাপোলজিস্টরা বেশ কিছু মনগড়া ব্যাখ্যার অবতারণা করেন। নিচে তাদের প্রধান চারটি গোঁজামিল ও সেসবের অকাট্য খণ্ডন দেওয়া হলো:
গোঁজামিল ১: “শুধুমাত্র চুক্তি ভঙ্গকারী মুশরিকদের ক্ষেত্রেই সূরা তাওবার এই বিধান প্রযোজ্য ছিল”
খণ্ডন :
১. জীবন রক্ষার মানদণ্ড ছিল ‘মুসলিম হওয়া’, চুক্তি রক্ষা নয়
যদি কেবল চুক্তি ভঙ্গকারীদের শাস্তির জন্যই এই নির্দেশ হতো, তবে যেসব গোত্রের সাথে কোনো চুক্তি ছিল না কিংবা যারা কোনো চুক্তি ভঙ্গ করেনি, তাদের ক্ষেত্রেও পরবর্তীতে জোরপূর্বক ইসলাম গ্রহণের বাধ্যবাধকতা রাখা হলো কেন?
আয়াত ৫-এ স্পষ্ট বলা হয়েছে—আক্রমণ থেকে বাঁচার একমাত্র উপায় হলো তাওবা করা (ইসলাম গ্রহণ করা), সালাত কায়েম করা এবং যাকাত দেওয়া। যদিও সূরা তাওবার ৪ নম্বর আয়াতে চুক্তিভঙ্গ না করা গোত্রগুলোকে চুক্তির নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সময় দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু সেই মেয়াদ শেষ হওয়া মাত্রই তারাও এই ৫ নম্বর আয়াতের বিধানের আওতায় চলে আসে। অর্থাৎ চুক্তি রক্ষা করা কেবল কিছু সময় পাওয়ার সাময়িক উপায় ছিল, জীবন রক্ষার স্থায়ী গ্যারান্টি নয়; মেয়াদ শেষে বাঁচার একমাত্র শর্ত ছিল ‘মুসলিম হওয়া’।
২. সূরা তাওবার ৬ নম্বর আয়াতের ‘সাময়িক আশ্রয়’ ও বাস্তব আইনি সীমাবদ্ধতা
অনেকে এখানে সূরা তাওবার ৬ নম্বর আয়াতের উদাহরণ টেনে দাবি করেন যে, অমুসলিমদের তো আশ্রয় ও নিরাপত্তার কথা বলা হয়েছিল। কিন্তু ৬ নম্বর আয়াতের আইনি বাস্তবতা হলো—এটি অমুসলিম হিসেবে স্থায়ীভাবে বেঁচে থাকার কোনো অধিকার দেয় না। ৬ নম্বর আয়াতে যে নিরাপত্তার কথা বলা হয়েছে, তা ছিল কেবল ইসলাম সম্পর্কে জানতে চাওয়া অমুসলিমদের জন্য একটি ‘সাময়িক সেফ প্যাসেজ’ (Temporary Safe Conduct)।
কোনো মুশরিক ইসলামের কথা শুনতে বা বুঝতে চাইলে তাকে সাময়িক নিরাপত্তা দিয়ে মদিনায় এনে কুরআন শোনানোর নির্দেশ দেওয়া হয় এবং এরপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার কথা বলা হয়। কিন্তু নিজ এলাকায় ফিরে যাওয়ার পর, চার মাসের সময়সীমা বা চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে সে কিন্তু ৫ নম্বর আয়াতের নিধনযজ্ঞের আওতাতেই থেকে যেত। নিজ ধর্মে বহাল থেকে স্থায়ী নাগরিক হিসেবে বেঁচে থাকার কোনো সুযোগ এই বিধানে ছিল না।
৩. আরবের ঐতিহাসিক বাস্তবতা (কাউকে স্বধর্মে থাকতে দেওয়া হয়নি)
অ্যাপোলজিস্টদের “শুধুমাত্র চুক্তিভঙ্গকারী” দাবির সবচেয়ে বড় অসারতা ফুটে ওঠে তৎকালীন আরবের বাস্তব ইতিহাসের দিকে তাকালে। ঐতিহাসিক সত্য হলো, ৯ হিজরীতে সূরা তাওবার এই নির্দেশ কার্যকর হওয়ার পর সমগ্র আরব উপদ্বীপে এমন একটিও অমুসলিম মুশরিক গোত্র অবশিষ্ট ছিল না, যারা নিজ ধর্মে বহাল থেকে মদিনা রাষ্ট্রের অধীনে নাগরিক হিসেবে বসবাস করতে পেরেছিল।
যদি চুক্তি রক্ষা করলেই অমুসলিমদের শান্তিতে নিজ ধর্মে বেঁচে থাকার সুযোগ থাকত, তবে আরবে বহু শান্তিকামী মুশরিক গোত্র নিজেদের পৌত্তলিক ধর্মে টিকে থাকত। কিন্তু বাস্তবে আরবের সকল মুশরিক গোত্রকেই ইসলাম গ্রহণ করতে হয়েছিল, নতুবা আরব উপদ্বীপ ত্যাগ করতে হয়েছিল।
ঐতিহাসিক নথিপত্র ও রেফারেন্স: ইমাম ইবনে কাসীর তাঁর বিখ্যাত তাফসীর ও ইতিহাস গ্রন্থে উল্লেখ করেছেন যে, এই আদেশ নাযিল হওয়ার পর সমগ্র আরব উপদ্বীপে কোনো মুশরিকের উপস্থিতি নিষিদ্ধ হয়ে যায় এবং তারা সকলেই ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়। (তাফসীরে ইবনে কাসীর, সূরা তাওবা ১-৫ আয়াতের তাফসীর; সীরাতে ইবনে হিশাম, ২য় খণ্ড)
৪. চুক্তি না থাকা সত্ত্বেও আক্রমণ এবং ষড়যন্ত্রের অজুহাতের অসারতা
অ্যাপোলজিস্টরা দাবি করেন, মদিনা রাষ্ট্র কেবল চুক্তি ভঙ্গকারী বা আক্রমণকারী অমুসলিমদের বিরুদ্ধেই সামরিক ব্যবস্থা নিয়েছে। কিন্তু ইতিহাস প্রমাণ করে, চুক্তিভঙ্গ বা আক্রমণের প্রস্তুতি ছাড়া কেবল অমুসলিম হওয়ার কারণেই সামরিক অভিযান চালানো হয়েছে।
অতীতে বনু মুস্তালিকের মতো যেসব গোত্রের ওপর আকস্মিক হামলা চালানো হয়েছিল, তাদের সাথে মদিনা রাষ্ট্রের কোনো চুক্তি ছিল না। তবুও সেসব ক্ষেত্রে অ্যাপোলজিস্টরা অন্তত এইটুকু অজুহাত দেওয়ার চেষ্টা করেন যে—তারা নাকি মদিনার বিরুদ্ধে গোপনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল (যদিও তা ঐতিহাসিক তথ্যে বিতর্কিত)।
কিন্তু নবীজি (সা.)-এর জীবনের শেষভাগে উসামা ইবনে যায়েদ (রা.)-এর নেতৃত্বে দূরবর্তী ফিলিস্তিন ও সিরিয়া সীমান্তবর্তী ‘উবনা’ নামক জনপদে (আহলুল কিতাব/খ্রিস্টানদের ওপর) যে আক্রমণের নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানে কোনো চুক্তিও ছিল না, এমনকি তারা মদিনার বিরুদ্ধে কোনো হামলার পরিকল্পনা করছিল—এমন কোনো ন্যূনতম অভিযোগও ছিল না। কোনোপ্রকার চুক্তি, উসকানি বা আক্রমণের প্রস্তুতি ছাড়াই সম্পূর্ণ শান্তিকামী একটি দূরবর্তী অমুসলিম জনপদে আকস্মিক হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
সহীহ হাদিসে এসেছে:
উসামা ইবনে যায়েদ (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল (সা.) তাঁকে এই মর্মে নির্দেশ দেন যে, তিনি যেন সকালে ‘উবনা’ নামক স্থানে পৌঁছান এবং তাদের ওপর আক্রমণ চালিয়ে অগ্নিসংযোগ করেন। (তথ্যসূত্র: সুনানে আবু দাউদ: ২৬৩৯, সুনানে ইবনে মাজাহ: ২৮৫৫)
অতএব, বিষয়টি কেবল “চুক্তি ভঙ্গকারী মুশরিকদের দমনের” মধ্যে সীমাবদ্ধ ছিল না। আরবের পৌত্তলিক মুশরিকই হোক বা দূরবর্তী অঞ্চলের আহলুল কিতাব অমুসলিমই হোক—কোনো পূর্ব শত্রুতা, চুক্তিভঙ্গ বা আক্রমণের উসকানি ছাড়াও শুধুমাত্র মদিনার রাজনৈতিক-ধর্মীয় আধিপত্য বিস্তারের জন্যই এসব সামরিক আক্রমণ পরিচালিত হয়েছিল।
গোঁজামিল ২: “মক্কা বিজয়ের পরও সমগ্র আরবে শান্তি ছিল না; কিছু বিচ্ছিন্নতাবাদী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীকে দমন করতে এই আয়াত নাযিল হয়েছিল।”
খণ্ডন :
১. ঐতিহাসিক ভুল সময়কাল
মুসলিম অ্যাপোলজিস্টরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে ৮ম হিজরীর হুনাইন যুদ্ধ বা তায়েফ অবরোধের ঘটনা টেনে আনেন। যেখানে মুসলিম বাহিনী কর্তৃক মক্কা বিজয়ের পর পরই তায়েফ ও পার্শ্ববর্তী অঞ্চলের প্রধান মুশরিক গোত্রসমূহ (যেমন: ছাকীফ ও হাওয়াজিন) এই আশঙ্কায় জোট বেঁধে সশস্ত্র প্রস্তুতি নিচ্ছিল যে—মুসলিম বাহিনী হয়তো তাদের ওপর হামলা চালাবে। কিন্তু নবী মুহাম্মদ (সা.) তাদের পূর্ণাঙ্গ সামরিক প্রস্তুতি সম্পন্ন করার সুযোগ না দিয়ে, ১২,০০০ সৈন্যের বিশাল বাহিনী নিয়ে দ্রুত অগ্রসর হন এবং হুনাইনের যুদ্ধে তাদের ওপর আকস্মিক হামলা চালিয়ে পরাজিত করেন। পরাজিত বাকি কিছু সৈন্য পালিয়ে গিয়ে তায়েফ দুর্গে আশ্রয় নিলে সেখানেও অবরোধ চালানো হয়। এর কিছু মাস পর, ৯ম হিজরীতে তায়েফবাসী মদিনার আনুগত্য স্বীকার করে ইসলাম গ্রহণ করে।
কিন্তু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বাস্তবতা হলো—সূরা তাওবার এই কঠোর নির্দেশগুলো নাযিল হয়েছিল হুনাইন যুদ্ধের এক বছর তিন মাস পর, ৯ম হিজরির শেষভাগে (হজ্বের সময়)। ততদিনে সমগ্র আরবে মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করার মতো কোনো সশস্ত্র অমুসলিম দল বা বিদ্রোহী গোষ্ঠী অবশিষ্টই ছিল না; বরং সমগ্র আরবে তখন মদিনার একছত্র আধিপত্য ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছিল। এমন একটি শান্ত ও সম্পূর্ণ নিয়ন্ত্রিত প্রেক্ষাপটে এই নির্দেশ জারি হওয়া স্পষ্ট প্রমাণ করে—এটি সমসাময়িক কোনো ‘বিদ্রোহ দমন’ ছিল না।
২. ‘বিদ্রোহী’ নয়, ব্যবহৃত শব্দ ‘সকল মুশরিক’
যদি আদেশটি সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে হতো, তবে কুরআনে ‘বিদ্রোহী’ (আল-বুগাত) বলা হতো। কিন্তু আয়াতে ঢালাওভাবে “আল-মুশরিকীন” (সকল বহু-ঈশ্বরে বিশ্বাসী) শব্দ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ বিদ্রোহী হোক বা শান্তিকামী—যে কোনো অমুসলিমই এই নির্দেশের অন্তর্ভুক্ত ছিল।
৩. শর্ত ছিল ‘ইসলাম গ্রহণ’, ‘অস্ত্র সমর্পণ’ নয়
বিদ্রোহী দমনের ক্ষেত্রে বিদ্রোহীরা অস্ত্র ফেলে মদিনার আনুগত্য স্বীকার করলেই আক্রমণ বন্ধ হওয়ার কথা। কিন্তু এই আয়াতে শান্তিকামী অমুসলিম অস্ত্র জমা দিয়ে নিজ ধর্মে থাকতে চাইলেও সেই সুযোগ ছিল না; নিধনযজ্ঞ থেকে বাঁচতে ‘ইসলাম গ্রহণ’ করা বাধ্যতামূলক ছিল।
৪. সাধারণ অমুসলিমদের নাগরিক ও ধর্মীয় অধিকার রদ
৯ম হিজরীতে হযরত আলী (রা.) রাসুল (সা.)-এর নির্দেশে ঘোষণা দেন যে, কোনো অমুসলিম আর কাবায় প্রবেশ বা তাওয়াফ করতে পারবে না (সহীহ বুখারী: ৩৬৯)। উদ্দেশ্য কেবল বিদ্রোহী দমন হলে সমস্ত সাধারণ অমুসলিমদের ধর্মীয় ও নাগরিক অধিকার চিরতরে কেড়ে নেওয়া হতো না।
৫. ফিকহী বৈপরীত্য
ইসলামী আইনশাস্ত্রে (ফিকহ) মুসলিম ‘বিদ্রোহী’ আত্মসমর্পণ করলে তাকে হত্যা করা বা তার সম্পদ বাজেয়াপ্ত করা নিষেধ। অথচ এই আয়াতে মুশরিকদের হত্যা, বন্দী ও সম্পদ গনিমত করার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্রোহী দমনের অজুহাত তুলে অ্যাপোলজিস্টরা মূলত অমুসলিমদের ওপর আরোপিত ‘ইসলাম গ্রহণ অথবা নিধন’—এই ঐতিহাসিক সত্যটি চাপা দেওয়ার চেষ্টা করেন। তৎকালীন আরবে কেউ বিদ্রোহী নাকি শান্তিকামী—তা বিবেচ্য ছিল না; সে ‘মুশরিক’ কি না—সেটিই ছিল তার বেঁচে থাকা বা নিহত হওয়ার একমাত্র মানদণ্ড।
গোঁজামিল ৩: “এটি কেবল আত্মরক্ষা বা সম্ভাব্য আক্রমণ ঠেকানোর পদক্ষেপ ছিল, দূরবর্তী কোনো শান্তিকামী রাষ্ট্রের বিরুদ্ধে নয়।”
খণ্ডন :
১. দূরবর্তী রাষ্ট্রগুলোকে হামলার হুমকি দিয়ে চিঠি
সূরা তাওবার নির্দেশনার পর মদিনা রাষ্ট্র থেকে ওমান, বাহরাইন, রোম, পারস্য ও সিরিয়াসহ বহু দূরবর্তী স্বাধীন অঞ্চলে সরাসরি হুমকি ও আল্টিমেটাম দিয়ে চিঠি পাঠানো হয়।
উদাহরণস্বরূপ, ওমানের শাসকদের উদ্দেশ্যে নবী মুহাম্মাদের প্রেরিত চিঠিতে স্পষ্ট বলা হয়—ইসলাম গ্রহণ না করলে তাদের রাজত্ব বিলুপ্ত করা হবে এবং মদিনার সামরিক বাহিনী তাদের ভূখণ্ডে প্রবেশ করবে (আল-বিদায়া ওয়ান নিহায়া)। এমন সব ঘটনা প্রমাণ করে যে, এই নীতিটি কেবল স্থানীয় চুক্তিভঙ্গকারীদের কেন্দ্র করে ছিল না, বরং তা ছিল অমুসলিম শক্তির বিরুদ্ধে একটি সাধারণ ও সম্প্রসারণশীল আইনি আদেশ।
২. দূরবর্তী যেসব রাষ্ট্রের শাসকদের হুমকি দিয়ে চিঠি পাঠানো হয় তাদের তালিকা:
হুদায়বিয়ার সন্ধির পর হিজরী ৬ষ্ঠ ও ৭ম বর্ষে নবী মুহাম্মদ (সা.) তৎকালীন বিভিন্ন আঞ্চলিক শাসক ও পরাশক্তিদের কাছে যেসব বার্তা ও চিঠি পাঠিয়েছিলেন, সেগুলোতে ইসলাম গ্রহণ করার আহ্বান এবং তা না করলে রাজনৈতিক বা সামরিক পরিণতির হুঁশিয়ারি ছিল।
১. রোমান (বাইজান্টাইন) সম্রাট হিরাক্লিয়াস (কায়সার)
- প্রেরিত দূত: দহিয়া আল-কালবী (রা.)
- চিঠির ভাষা ও বার্তা: “ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন… আর যদি মুখ ফিরিয়ে নেন, তবে আপনার সমস্ত প্রজা ও কৃষকদের (আরিসিয়্যীন) পাপ আপনার ওপর বর্তাবে।”
- সহীহ হাদিসের তথ্য ও লিংক: সহিহ বুখারি, হাদিস নম্বর: ৭ (হাদিসবিডি)
২. পারস্যের (সাসানীয়) সম্রাট কিসরা (দ্বিতীয় খসরু পারভেজ)
- প্রেরিত দূত: আবদুল্লাহ ইবনে হুজাফা (রা.)
- চিঠির ভাষা ও বার্তা: কিসরার কাছে ইসলামের সার্বভৌমত্ব স্বীকারের বার্তা পাঠানো হয়। কিসরা চিঠিটি ছিঁড়ে ফেললে রাসুল (সা.) তাঁর রাজত্ব ধ্বংসের ভবিষ্যৎদ্বাণী করেন।
- সহীহ হাদিসের তথ্য ও লিংক: সহিহ বুখারি, হাদিস নম্বর: ২৯৩৯ (হাদিসবিডি)
৩. ওমানের শাসকদ্বয় (জাইফার ও আবদ বিন আল-জুলান্দা)
- প্রেরিত দূত: আমর ইবনুল আস (রা.)
- চিঠির ভাষা ও বার্তা: চিঠিতে স্পষ্ট বলা হয়েছিল—“যদি তোমরা ইসলাম গ্রহণ করো তবে শান্তিতে থাকবে। আর যদি তা অস্বীকার করো, তবে জেনে রেখো তোমাদের রাজত্ব বিলুপ্ত হবে এবং আমার অশ্বারোহী বাহিনী তোমাদের ভূখণ্ডে প্রবেশ করবে।”
- নোট ও রেফারেন্স: এই বিবরণটি প্রধানত সীরাত ও ঐতিহাসিক গ্রন্থে বিস্তৃতভাবে এসেছে (যেমন: আল-বিদায়া ওয়ান নিহায়া ও জাদুল মাআদ)। কিসরার সাথে রাসুল (সা.)-এর পত্র বিনিময় এবং ইয়েমেন/ওমান অঞ্চলের রাজাদের আনুগত্যের সাধারণ হাদিসভিত্তিক বিবরণটি দেখা যাবে: সহিহ মুসলিম, হাদিস নম্বর: ৪৩৯২ (হাদিসবিডি)
৪. বাহরাইনের শাসক (আল-মুঞ্জির ইবনে সাওয়া)
- প্রেরিত দূত: আলা ইবনে আল-হাদরামী (রা.)
- চিঠির ভাষা ও বার্তা: যারা ইসলাম গ্রহণ করবে তাদের নিরাপত্তা থাকবে, আর যারা নিজেদের ধর্মে বহাল থাকতে চাইবে, তাদের ওপর জিজিয়া কর আরোপ করে রাজনৈতিক কর্তৃত্ব মানতে হবে।
- সহীহ হাদিসের তথ্য ও লিংক: সহিহ বুখারি, হাদিস নম্বর: ৩১৬১ (হাদিসবিডি)
৫. হাবশা (আবিসিনিয়া)-র বাদশাহ নাজাশী
- প্রেরিত দূত: আমর ইবনে উমাইয়া আল-দামরী (রা.)
- চিঠির ভাষা ও বার্তা: এক আল্লাহর আনুগত্য প্রকাশের নির্দেশ দেওয়া হয়। (নাজাশী পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন)।
- সহীহ হাদিসের তথ্য ও লিংক: সহিহ মুসলিম, হাদিস নম্বর: ৪৪৬৯ (হাদিসবিডি)
৬. মিশরের শাসক মুকাওকিস (জুরাইজ ইবনে মীনাহ)
- প্রেরিত দূত: হাতিব ইবনে আবি বালতাআ (রা.)
- চিঠির ভাষা ও বার্তা: ইসলামের দাওয়াত ও অমান্য করলে প্রজাদের পাপ বহনের কথা জানিয়ে রাজনৈতিক আল্টিমেটাম দেওয়া হয়।
- সহীহ হাদিসের তথ্য ও লিংক: সহিহ মুসলিম, হাদিস নম্বর: ৪৪৭১ (হাদিসবিডি)
৩. ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’- নামক গোঁজামিলের অসারতা:
অনেকে একে মদিনার আত্মরক্ষা বা প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দাবি করলেও ইতিহাস এর ভিন্ন সাক্ষ্য দেয়। ওমান, পারস্য বা রোমের রাজারা মদিনায় কখনো এমন চিঠি বা হুমকি পাঠায়নি যে—”ইসলাম ছেড়ে আমাদের ধর্ম গ্রহণ করো, নয়তো মদিনা ধ্বংস করা হবে বা ক্ষমতা কেড়ে নেয়া হবে।” দূরবর্তী এসব রাষ্ট্রের সাথে মদিনার কোনো পূর্ব সংঘাতও ছিল না। ফলে মদিনা থেকে পাঠানো এই আল্টিমেটামগুলো কোনো আগাম আক্রমণের জবাব ছিল না; বরং মদিনাই কোনধরনের চুক্তিভঙ্গ বা পূর্বশত্রুতা ছাড়াই অমুসলিম রাষ্ট্রগুলোকে আল্টিমেটাম দিয়েছিল।
৪. প্রকৃত ভূ-রাজনৈতিক বাস্তবতা:
বাস্তবতা হলো, মদিনার জন্য দূরবর্তী রাষ্ট্রগুলো সামরিক হুমকি ছিল না; বরং দূরবর্তী রাষ্ট্রগুলোর জন্যই পরবর্তীতে মদিনা রাষ্ট্র প্রধান হুমকি হয়ে দাঁড়িয়েছিল। এর ফলেই পরবর্তী সময়ে মুসলিম বাহিনীর আক্রমণে পারস্য সাম্রাজ্যের পতন ঘটে এবং রোমান সাম্রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল বিজিত হয়।
অতএব, দূরবর্তী কোনো অমুসলিম রাষ্ট্র মদিনাকে কখনো হামলা বা ধর্ম ত্যাগের হুমকি দেয়নি; বরং মদিনা রাষ্ট্রই দূরবর্তী অমুসলিম রাষ্ট্রগুলোকে হামলার হুমকি দিয়েছিল। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে, সূরা তাওবার ৫ নম্বর আয়াত কেবল চুক্তিভঙ্গকারী বা পূর্বশত্রুতামূলক মুশরিকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না।
গোঁজামিল ৪: “এটি একটি সাময়িক যুদ্ধের নির্দেশ, চিরন্তন কোনো বিধান নয়।”
খণ্ডন:
১. শান্তিবাদী আয়াতসমূহ রহিতকরণ (নাসখ ও মানসূখ)
উসূলে ফেকাহ্ (ইসলামী আইনশাস্ত্র) ও নাসিখ-মানসূখ নীতি অনুযায়ী, সময়ের বিচারে সর্বশেষ নাযিল হওয়া আদেশই চূড়ান্ত আইনি মর্যাদা পায়। বিখ্যাত মুফাসসির ইমাম ইবনে কাসীর এবং আল-জাস্সাসের তাফসীর অনুযায়ী, সূরা তাওবার এই ‘আয়াতুস সাইফ’ (তরবারির আয়াত) ইতিপূর্বে নাযিল হওয়া নমনীয়তা, ধর্মীয় স্বাধীনতা (“ধর্মে কোনো জবরদস্তি নেই”) ও ধৈর্য সম্পর্কিত প্রায় ১২০টিরও বেশি আয়াতকে চিরতরে রহিত (Abrogate) করে দিয়েছে। যদি এটি সাময়িক নির্দেশ হতো, তবে এর মাধ্যমে কুরআনের চিরন্তন নীতি ও শতাধিক আয়াতকে স্থায়ীভাবে বাতিল বা নিষ্ক্রিয় ঘোষণা করা হতো না।
২. চিরন্তন বিধান বনাম সাময়িক কৌশলের বৈপরীত্য
কোনো সাময়িক যুদ্ধের প্রশাসনিক আদেশ কখনোই প্রধান শরীয়তি আইন বা চিরন্তন বিধানকে সম্পূর্ণ রহিত (Abrogate) করার ক্ষমতা রাখে না। যদি এই আদেশটি কেবল ৭ম শতকের একটি নির্দিষ্ট যুদ্ধের সাময়িক কৌশল হতো, তবে তা কিয়ামত পর্যন্ত পাঠযোগ্য এবং কার্যকর আইনি টেক্সট হিসেবে কুরআনে স্থান পেত না। সাময়িক আদেশ শেষ হয়ে গেলে পূর্বের সাধারণ নিয়ম (শান্তি ও সহনশীলতা) পুনপ্রতিষ্ঠিত হওয়ার কথা; কিন্তু উসূলে ফেকাহ অনুযায়ী রহিত হওয়া ১২০টি আয়াত কিন্তু আর কখনোই পুনর্জীবিত হয়নি। এটিই প্রমাণ করে এর আইনি প্রভাব চিরন্তন।
৩. কুরআনের চিরন্তনতা ও পরবর্তী শাসকমণ্ডলীর আমল (ইজমা ও আমল)
দাবি করা হয় এই নির্দেশ কেবল ৭ম শতকের একটি বিশেষ ঘটনার জন্য ছিল, তবে পরোক্ষভাবে স্বীকার করে নেওয়া হয় যে কুরআনের আইনি টেক্সট শাশ্বত বা চিরন্তন নয়; বরং তা স্থান-কাল-পাত্র দ্বারা সীমাবদ্ধ (যা কুরআনের মৌলিক ধারণার পরিপন্থী)। তাছাড়া, ইসলামের প্রথম যুগের সাহাবি (খোলাফায়ে রাশেদীন), চার মাযহাবের ইমামগণ এবং পরবর্তী উমাইয়া-আব্বাসীয় শাসকরা কোনো নির্দিষ্ট প্রেক্ষাপটের দোহাই না দিয়ে সমগ্র বিশ্বজুড়ে (পারস্য, বাইজান্টাইন ও ভারতীয় উপমহাদেশে) আক্রমণাত্মক জিহাদ (ইকদামী জিহাদ) পরিচালনা করেছেন। তাঁরা সবাই সূরা তাওবার এই আইনি চেতনাকেই চিরন্তন ও সর্বজনীন ধরে নিয়ে বিশ্বব্যাপী প্রয়োগ করেছিলেন।
সিদ্ধান্ত
সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধ কীভাবে করতে হয় তা জানতেন না—এই ধরনের আজগুবি যুক্তি দিয়ে অ্যাপোলজিস্টরা মূল ইতিহাসকে আড়াল করতে চান। সত্য হলো, সূরা তাওবাহ্-এর ৫ নম্বর আয়াত কোনো উত্তপ্ত রণাঙ্গনের তাৎক্ষণিক আত্মরক্ষামূলক নির্দেশ ছিল না। এটি ছিল ধর্মীয় একক আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে দেওয়া এক চূড়ান্ত কূটনৈতিক ও সামরিক আল্টিমেটাম—যার মূল বার্তা ছিল: “হয় ইসলাম গ্রহণ করো, নয় তলোয়ারের মুখোমুখি হও।”
ইতিহাসের সত্যকে ঢেকে রেখে “যুদ্ধের ময়দানের প্রেক্ষাপট” নামক বানোয়াট গল্প ফাঁদা কেবল ঐতিহাসিক জালিয়াতিই নয়, বরং অন্ধ বিশ্বাস টিকিয়ে রাখার এক চরম নিরর্থক চেষ্টা।
তথ্যসূত্র ও প্রাসঙ্গিক রেফারেন্সসমূহ
১. মূল কুরআন ও হাদিসের টেক্সট সংক্রান্ত রেফারেন্স
- মুশরিক নিধনের আদেশ (তলোয়ারের আয়াত): কুরআন (সূরা অত-তাওবাহ্: ৫)
- বিশ্বব্যাপী ইসলাম প্রতিষ্ঠার উদ্দেশ্যে যুদ্ধের আদেশ: সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন), হাদিস নম্বর: ২৫; সহীহ মুসলিম (তাওহীদ পাবলিকেশন), হাদিস নম্বর: ২২
২. আয়াত নাযিলের সময়কাল ও ঐতিহাসিক প্রেক্ষাপট
- সূরা তাওবাহ্ নাযিলের সময় ও সর্বশেষ নাযিল হওয়া সূরা: সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন), হাদিস নম্বর: ৪৩৬৪ (সর্বশেষ অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা হলো সূরা অত-তাওবাহ্)।
- মক্কা বিজয়, হুনাইনের যুদ্ধ ও তায়েফ অবরোধ (৮ম হিজরি) বনাম তাবুক অভিযান (৯ম হিজরি): আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ (ইবনে কাসীর), ৫ম খণ্ড, ৮ম ও ৯ম হিজরির ঘটনাপ্রবাহ।
- হজের সমাবেশে চরম আল্টিমেটাম ও অমুসলিমদের জন্য কাবা নিষিদ্ধের ঘোষণা (৯ম হিজরি): সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন), হাদিস নম্বর: ৩৬৯, ৩৬৯২, ৪৬৫৫ (আবু বকর ও আলী রা.-এর মাধ্যমে মীনায় ৪ মাসের সময়সীমা এবং কাফেরদের জান্নাতে প্রবেশ ও কাবা তাওয়াফ নিষিদ্ধের ঘোষণা)।
৩. চার মাসের আল্টিমেটাম ও ‘বিদ্রোহী’ নয় বরং ‘সকল মুশরিক’ নির্দেশ
- চুক্তিভিত্তিক ও চুক্তিহীন মুশরিকদের চার মাসের সময়সীমা: কুরআন (সূরা অত-তাওবাহ্: ২)
- ‘আল-মুশরিকীন’ শব্দের সার্বজনীনতা ও তাফসীর: তাফসীরে ইবনে কাসীর (সূরা তাওবাহ্: ৫ নম্বর আয়াতের ব্যাখ্যা) — ব্যাকরণগতভাবে ‘আল-মুশরিকীন’ দ্বারা তৎকালীন আরবের সকল বহুশ্বরে বিশ্বাসী বা অমুসলিমকে বোঝানো হয়েছে, নির্দিষ্ট কোনো বিদ্রোহী দলকে নয়।
- প্রাণ রক্ষার শর্ত হিসেবে ইসলাম গ্রহণ (তাওবা, সালাত, যাকাত): কুরআন (সূরা অত-তাওবাহ্: ৫); তাফসীরে আল-কুরতুবী (৮ম খণ্ড, সূরা তাওবাহ্ ৫-এর ব্যাখ্যা)।
৪. রহিতকরণ (মানসূখ) ও তাফসীরসংক্রান্ত রেফারেন্স
- আয়াতুস সাইফ (তলোয়ারের আয়াত) দ্বারা পূর্বের সহনশীল আয়াত রহিত হওয়া:
- তাফসীরে ইবনে কাসীর (সূরা তাওবাহ্: ৫ নম্বর আয়াতের ব্যাখ্যা): আল-যাহহাক ও অন্যান্য মুফাসসিরদের মতে—এই আয়াতটি অমুসলিমদের সাথে কৃত পূর্বের সকল শান্তিচুক্তি এবং সহনশীলতাসংক্রান্ত শতাধিক (১২০টিরও বেশি) আয়াতকে রহিত (Naskh) করে দিয়েছে।
- আহকামুল কুরআন (ইমাম আল-জাস্সাস): ৩য় খণ্ড, সূরা তাওবাহ্-এর ৫ নম্বর আয়াতের তাফসীর ও আইনি প্রয়োগ।





